নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা
ছবি: বিটিভির সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২০:৪৯
বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের সব পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।
আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ড শেষে সেরাদের সম্মাননা জানাতে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা। এমনটিই জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।
বাংলাদেশ টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতে বিজয়ী প্রতিযোগী ও তাদের অভিভাবকদের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র রামপুরায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতিভা অন্বেষণে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ বিটিভির উদ্যোগে ১৯৭৬ সালে এটি শুরু হয়।
- বিষয় :
- নতুন কুঁড়ি
- বিটিভি
