‘নোয়াখালী এক্সপ্রেস’ দিয়ে ফিরছেন অরণ্য আনোয়ার
‘নোয়াখালী এক্সপ্রেস’ টিম। ছবি: নির্মাতার সৌজন্যে
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৮:৩৩
দেশের ইতিহাসের হিট টিভি সিরিজ ও সিকুয়েল-এর তালিকায় অন্যতম নাম হয়ে থাকবে নির্মাতা-নাট্যকার অরণ্য আনোয়ারের নাম। কারণ, তাঁর হাত ধরেই সৃষ্টি হয়েছিল ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নামে সুপারহিট সিকুয়েল সিরিজ। এমন আরও অনেক সিরিজ ও অসংখ্য একক নাটক নির্মাণ করেছেন তিনি। যদিও মাঝে লম্বা সময় এই নির্মাতাকে টিভি সিরিজে আর পাওয়া যায়নি।
মন বসিয়েছেন বড় পর্দায়। সিনেমার সেই লম্বা জার্নি শেষে এবার অরণ্য আনোয়ার আসছেন দীর্ঘ ধারাবাহিক নিয়ে। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের ঘটনা উঠে আসবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
তিনি বলেন, নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোককথা এই ধারাবাহিকের মূল বিষয়। যেমন চাঁদে সত্যিকার অর্থে নোয়াখালীর বুড়ি বসবাস করে, বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে এটা ইউরোপের মতো সমৃদ্ধ দেশ হতে পারত, ইত্যাদি বিভিন্ন কাল্পনিক বিষয় এই ধারাবাহিকে এসে বাস্তবতার রূপ নিয়েছে। এই ধারাবাহিকে একটি নভোযান দেখানো হয়েছে। যেই নভোযানের নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’।

‘নোয়াখালী এক্সপ্রেস’ টিম। ছবি: নির্মাতার সৌজন্যে
নির্মাতা আরও বলেন, ‘আমি এত বছর ধরে যাদের নিয়ে কাজ করেছি, তাদের কেউ এখানে নেই। তেমন কোনো পরিচিত মুখ নেই। বলা যায়, একদমই নতুন ছেলে-মেয়েরা কাজ করছেন। তারা খুব ভালো কাজ করবেন বলেই আমার আত্মবিশ্বাস।’
পুবাইল গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত নোয়াখালী এক্সপ্রেস-এ অভিনয়ে সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস প্রমুখ।
আসছে ১৫ নভেম্বর শনিবার থেকে গ্লোবাল টিভিতে সপ্তাহে চারদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে।
- বিষয় :
- নোয়াখালী
- ধারাবাহিক নাটক
