টানা ৮ ঘণ্টা শুটিং, একবারের জন্যও ফোনে নজর দেন না মহেশ বাবু
মাহেশ বাবু। ইনস্টাগ্রাম।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৩:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ১৩:৫৯
ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি অভিনেতা মাহেশ বাবু সম্পর্কে এমন এক অসাধারণ অভ্যাসের কথা জানিয়েছেন, যা তাঁর মতে সবার শেখা উচিত।
রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত মাহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’–র শিরোনাম ঘোষণা অনুষ্ঠানে রাজামৌলি বলেন, ‘মাহেশ বাবুর চরিত্রে যেমন ধীরতা, বাস্তব জীবনে তাঁর কাজের নীতি আরও অনন্য। শুটিং বা অফিসে এলে তিনি মোবাইল ফোন স্পর্শও করেন না। টানা আট ঘণ্টা কাজ করেন, ফোনে চোখ রাখেন কেবল বাড়ি ফিরে। এটা আমাদের সবার শেখার মতো।’

পরিচালকের মতে, এ ধরনের মনোযোগ–শৃঙ্খলা যে কোনো মানুষের জন্যই উপকারি।
গত শনিবার বহু প্রতীক্ষিত এই সিনেমার নাম ঘোষণা করা হয়-‘বারাণসী’। ছবিতে মাহেশ বাবুকে দেখা যাবে ‘রুদ্র’চরিত্রে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির টাইটেল টিজার-যা সময়, ভূগোল ও আধ্যাত্মিকতার মিশেলে এক অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতায় বানানো। টিজার দেখে বোঝা যায়, গল্পটি বিভিন্ন যুগে, বিভিন্ন অঞ্চলে প্রবাহিত-এবং এর কেন্দ্রে রয়েছে এক দেবতুল্য আবহ।
রাজামৌলি জানান, এই ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় তারা প্রথমবারের মতো নিয়ে আসছেন নতুন প্রযুক্তি-প্রিমিয়াম লার্জ স্কেল ফরম্যাট ফিল্মড ফর আইম্যাক্স। যা দর্শকদের দেবে এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা। সূত্র: এনডিটিভি।
