বড় পর্দায় ফিরছে ‘শোলে’র আনকাট ভার্সন
‘শোলে’ সিনেমার অন্যতম পোস্টার। ছবি: লাইভ মিন্ট
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৩:২৫
বলিউডের ইতিহাসে কালজয়ী চলচ্চিত্র হিসেবে বিশেষ মর্যাদা ধরে রাখা রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’ এবার মুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফিরছে নতুন রূপে। সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ‘শোলে’র ৪কে রিস্টোরড ও আনকাট সংস্করণ মুক্তি পেতে যাচ্ছে ভারতজুড়ে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর দেশটির ১৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সংস্করণটি। এই ভার্সনে থাকছে সেসব দৃশ্য, যা সেন্সর বোর্ডের কারণে মূল চলচ্চিত্র থেকে বাদ পড়েছিল।
জানা গেছে, আনকাট ভার্সনে দর্শক দেখতে পাবেন গব্বার সিংয়ের হাতে রহিম চাচার ছেলে আহমেদের হত্যার পূর্ণ সিকোয়েন্স। পূর্বে নৃশংসতার কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছিল সেই দৃশ্য, যেখানে আমজাদ খান শচীনের গলা চেপে ধরেছিলেন।
সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ‘শোলে’ নিয়ে অতীত স্মৃতি ও অজানা তথ্য তুলে ধরেন পরিচালক রমেশ সিপ্পি। এর আগে, চলতি বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি।
অমিতাভ বচ্চন স্মৃতিচারণ করে বলেন, ‘তখন বুঝতেই পারিনি, ভারতীয় সিনেমার মোড় ঘোরানো কী অসাধারণ সৃষ্টি ছিল এটি। শোলে সবকিছু বদলে দিয়েছিল। আশা করি ৫০ বছর পরেও নতুন প্রজন্মের দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে ছবি।’
ধর্মেন্দ্রও অনুরাগীদের মতোই উচ্ছ্বসিত। তাঁর ভাষায় “শোলে’ যেন বিশ্বের অষ্টম আশ্চর্য। আবার বড় পর্দায় ফিরছে শুনে দারুণ উত্তেজিত। সেলিম-জাভেদের সংলাপ, রমেশ সিপ্পির পরিচালনা সব মিলিয়ে প্রতিটি দৃশ্যই ইতিহাস। তবে আমার কাছে আসল ‘হিরো’ সেই কয়েনটি। ট্যাঙ্ক আর মন্দিরের দৃশ্য এখনও আমার মনে গেঁথে আছে।”
- বিষয় :
- বলিউড
- অমিতাভ বচ্চন
