আমাকে অফার করা বহু কাজেই পুনরাবৃত্তি ছিল: সারিকা সাবাহ
সারিকা সাবাহ। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১৩:৪১
সারিকা সাবাহ। অভিনেত্রী ও মডেল। এখন তিনি পুরোদমে কাজে ফিরেছেন। অনলাইনে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেজ টার্নার’। নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
‘পেজ টার্নার’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কী জানার সুযোগ হয়েছে?
দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। কিছুদিন আগে আমার একটি নাটক প্রচার হয়েছিল, আর তার পরপরই এই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেয়েছে– ফলে দর্শক আমাকে একদম ভিন্ন ধরনের চরিত্রে দেখার সুযোগ পেয়েছেন। আমি সাধারণত ফ্যামিলি ড্রামায় বেশি কাজ করেছি, তবে থ্রিলার আর রোমান্টিক ঘরানাতেও দর্শক আমাকে দেখেছেন। বিশেষ করে রোমান্টিক গল্পে ক্লোজআপ কাছে আসার কাজগুলোর জন্য দর্শকের আলাদা আগ্রহ থাকে। গত বছর থেকে ক্লোজআপ প্রতি মাসে একটি করে গল্প নির্মাণ করছে, আর ‘পেজ টার্নার’ ছিল বছরের শেষ গল্প। পুরো টিম খুব যত্ন নিয়ে কাজ করেছে, তাই মুক্তির পর থেকেই স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে প্রশংসা পাচ্ছি– এটা সত্যিই আনন্দের।
অনেক দিন পর আবার অভিনয়ে ফিরে এসে কেমন লাগছে?
আসলে পুরোপুরি কাজ থেকে দূরে ছিলাম না। এই দুই বছরে অনেক বিজ্ঞাপন, শো এবং কিছু ব্র্যান্ডেড কনটেন্ট করেছি। এমনকি ওয়েব সিরিজেও কাজ করেছি। শুধু নাটক থেকে বিরতি নিয়েছিলাম। কারণ তখন মনে হচ্ছিল, চরিত্র আর গল্পে বৈচিত্র্য নেই। এখন যেহেতু আবার নাটকে কাজ শুরু করেছি এবং দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছি মনে হচ্ছে, নিজের জায়গায় ফিরে এসেছি। এই অনুভূতি দারুণ।
দুই বছরে অনেক চরিত্র ফিরিয়েছেন, কিন্তু সম্প্রতি প্রকাশ হওয়া ‘এমন দিনে তারে বলা যায়’ এ রোশনী চরিত্র করলেন কেন?
এই গল্পটার সঙ্গে আমার একটা আলাদা সংযোগ তৈরি হয়েছিল। পরিচালক প্রথম কথা বলতেই মনে হয়েছিল গল্পটা মানুষের মনে থাকবে। রোশনী স্ক্রিনে খুব কম সময় থাকে– মাত্র তিন মিনিট। ছোট চরিত্র হলেও যদি তাঁর উপস্থিতি তীব্র হয় সেটা আমার কাছে বড় সুযোগ। তিন মিনিটের চরিত্রেই দর্শকের মনে জায়গা করতে পেরেছি।

সারিকা সাবাহ। ছবি: ফেসবুক
অনেকেই এত ছোট চরিত্র করতে চান না আপনার দৃষ্টিতে বিষয়টি কী?
সময় নয়, চরিত্রটাই আসল। আমিও চাই, দর্শকের মনে আমার অভিনয়ের ছাপ থাকুক। তিন মিনিট সময়ের মধ্যে চরিত্রকে দর্শকের মনে ঢুকিয়ে দিতে পারা একটা বড় পরীক্ষা এবং আমি সেই পরীক্ষাটা নিতে চেয়েছিলাম।
কোন ভাবনা থেকে বিরতি নিয়েছিলেন?
প্রথম দিকে খুব কম অর্থবহ চরিত্র পাচ্ছিলাম। মনে হতো একই ধরনের গল্প এবং একই অভিনয় বারবার করার কোনো মানে নেই। আমাকে অফার করা বহু কাজেই পুনরাবৃত্তি ছিল। তখনই ভাবলাম, নিজেকে একটু সময় দিই নিজের কাজ, দক্ষতা, পরিকল্পনা নিয়ে ভেবে দেখি। সেই ভাবনা থেকেই বিরতি।
এ সময়টায় নিজের মাঝে কী পরিবর্তন এনেছেন?
আমার মনে হয়েছিল, শুধু অভিনয় নয় নিজের শরীর, মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস সবকিছুই ঠিক থাকা জরুরি। ওজন কমানো তারই একটি অংশ ছিল। স্ক্রিনে কিছু চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে নিজের ফিট থাকা দরকার– সে কারণেই গ্রুমিং এবং সেলফ ওয়ার্ক করেছি।
বিরতির সময় কী ধরনের কনটেন্ট দেখেছেন বা শিখেছেন?
আমি নিয়মিত কোরিয়ান ড্রামা দেখি, তাদের গল্প ও আবহ আমাকে খুব অনুপ্রাণিত করে। থ্রিলারও আমার পছন্দ। আর নেটফ্লিক্সে নতুন কিছু বের হলে বেশির ভাগই দেখি। বাংলাদেশি কনটেন্টও দেখি, বিশেষ করে সাম্প্রতিক ওয়েব প্রজেক্টগুলো বেশ ভালো লেগেছে।

সারিকা সাবাহ। ছবি: ফেসবুক
এখন কী ধরনের চরিত্র করতে চান?
আমি চাই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে– যেন নিজের অভিনয় দক্ষতা আরও পরীক্ষা করতে পারি। যে গল্পে সমাজবোধ, ইতিবাচক বার্তা বা মানবিক অনুভূতি থাকে সে ধরনের কাজ আমাকে বেশি টানে। একই ধরনের চরিত্রে বারবার থাকতে চাই না।
ওয়েব সিরিজেও আপনার অভিষেক হয়েছে। এখানে কাজ করে নতুন কী শিখলেন?
‘গুলমোহর’এ কাজ করার অভিজ্ঞতা আমার কাছে স্কুলের মতো ছিল। সেখানে প্রত্যেকেই অভিজ্ঞ এবং অভিনয়ের বিষয়ে গভীর ধারণা রাখতেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, অভিনয় শুধু ডায়ালগ বলার বিষয় নয়, চরিত্রকে সম্পূর্ণভাবে অনুভব করার বিষয়।
অভিনয় কী এখন নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে?
আর বিরতি নয়,এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। কিছু নাটক এবং কয়েকটি ওয়েব প্রজেক্ট নিয়ে কথা চলছে। যখনই সবকিছু নিশ্চিত হবে, তখনই জানাব। আপাতত ধীরে ধীরে এগোচ্ছি। ভালো গল্পের দিকেই মনোযোগ।
ক্যারিয়ারের এই নতুন পর্বে নিজেকে কোথায় দেখছেন?
এটা আমার দ্বিতীয় অধ্যায়। আগে যেসব কাজ করে পরে আফসোস হয়েছে, এবার সেই ভুল করতে চাই না। এখন গল্প, পরিচালক এবং চরিত্র সবকিছু ভেবে সিদ্ধান্ত নিচ্ছি।
সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে?
হ্যাঁ, অবশ্যই। এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প নিয়ে কাজও হচ্ছে। তবে সিনেমা করতে চাই ঠিক প্রস্তুতি নিয়ে, সঠিক টিম ও চরিত্র পেলে। আমার কাছে মনে হচ্ছে গল্পটাই দর্শক পছন্দ করে, সেটা সিনেমা হোক বা অন্য কিছু। সব মাধ্যমেই অভিনয় করতে চাই।
কাজের বাইরে আপনি কীভাবে সময় কাটান?
আমি পরিবারকে সময় দিতে ভালোবাসি। ভ্রমণ করি, বই পড়ি, গান শুনি, আর রান্না করি এগুলোর মধ্যে নিজের স্বস্তি খুঁজে পাই।
- বিষয় :
- সারিকা সাবাহ
