সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইবেন বাপ্পা ও কোনাল
বাপ্পা মজুমদার ও কোনাল। ছবি: শিল্পীদের সৌজন্যে।
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১৪:১১
গানের মঞ্চে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন নন্দিত দুই কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনূর মনির কোনাল। এবার এই দুই তারকা শিল্পী অংশ নিচ্ছেন ‘উৎস সন্ধ্যা ২০২৫’-এ। যেখানে তারা গাইবেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। আজ রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই সংগীত সন্ধ্যা। এ আয়োজন করছে দাতব্য সংস্থা ‘উৎস বাংলাদেশ’। সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা জানান, ‘উৎস সন্ধ্যা ২০২৫’ মূলত শিশুদের জন্য নিবেদিত একটি আয়োজন। যার উদ্দেশ্য এই অনুষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা এবং সচেতনতা বৃদ্ধি করা, যাতে করে আমাদের শিশুরা তাদের প্রাপ্য সুরক্ষা, ভালোবাসা এবং সুযোগগুলো পেতে পারে। দর্শকের প্রতি আমাদের আহ্বান, এ আয়োজনে একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা যেন সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সহায়তা করতে পারি। আয়োজকরা আরও জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ‘উৎস সন্ধ্যা’। তার আগে দর্শকের জন্য খুলে দেওয়া হবে ভেন্যুর গেট। সংগীত পরিবেশনা পর্ব চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে এ আয়োজন উপভোগ করতে পারবেন।
‘উৎস সন্ধ্যা ২০২৫’ নিয়ে শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার বলেন, ‘একজন শিল্পী ও মিউজিশিয়ান হিসেবে দেশ ও সমাজের প্রতি নিজেরও কিছু দায়বদ্ধতা আছে। তাই যখনই দেশ ও মানুষের জন্য কিছু করার সুযোগ আসে, চেষ্টা করি নিজ কাজের মধ্য দিয়ে তা পূরণ করার। সেই ইচ্ছা থেকে এই আয়োজনে অংশ নেওয়া। আশা করছি, যে লক্ষ্য নিয়ে ‘উৎস বাংলাদেশ’ কাজ করে যাচ্ছে, তা সফল করতে এই সংগীত সন্ধ্যা কিছুটা হলেও ভূমিকা রাখবে।’
শিল্পী সোমনূর মনির কোনালের কথায়, ‘আমি সংগীত যেমন ভালোবাসি, তেমনি শিশুদের প্রতি আছে নিখাঁদ ভালোবাসা। সবসময় আমার প্রচেষ্টা ছিল দুটোকেই সংযুক্ত করার। ‘উৎস বাংলাদেশ’ আমার জন্য এমনই একটি সুযোগ তৈরি করেছে। ‘উৎস বাংলাদেশ’ শিক্ষা, আশ্রয় এবং সামগ্রিক যত্নের মাধ্যমে দুর্বল শিশুদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থা। এটি তার স্কুল এবং ডে-কেয়ার সেন্টারজুড়ে ৫০০টিরও বেশি শিশুর শিক্ষা এবং সুস্থতা বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এমন একটি দাতব্য সংস্থার আয়োজিত সংগীত সন্ধ্যায় গাইতে পারা এবং গানের সূত্র ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পারা অন্যরকম এক ভালোলাগার। তাই এ আয়োজনে গানে গানে দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাব সবাইকে; যাতে করে আগামী দিনের এ শিশুরা দেশের সম্পদ হয়ে উঠতে পারে।’
কোনাল আরও জানান, আজকের এই আয়োজনে দর্শকের জন্য আলাদা একটি চমক থাকবে। আর তা হলো বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে ‘ও প্রিয়তমা’ গানটির ভিন্নরকম পরিবেশনা। এর পাশাপাশি শোনাবেন তাঁর জনপ্রিয় সব গান। সব মিলিয়ে ‘উৎস সন্ধ্যা’ সফল একটি আয়োজন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে উত্তর আমেরিকা সফর শেষ করে এসে বাপ্পা মজুমদার ব্যস্ত হয়ে উঠেছেন নতুন একক ও দলছুটের বিভিন্ন আয়োজন নিয়ে। চলতি বছরের শেষ প্রান্তে এবং আগামী বছর শুরু থেকে একে একে নতুন গানগুলো প্রকাশ পাবে বলেও বাপ্পা জানান। অন্যদিকে কোনাল ব্যস্ত নাটক, সিনেমার প্লেব্যাক এবং একক ও দ্বৈত গানের অডিও-ভিডিও প্রকাশনা নিয়ে। এ ছাড়াও মঞ্চ ও টিভি আয়োজনে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সময়ের আলোচিত এই শিল্পী।
- বিষয় :
- বাপ্পা মজুমদার
- কোনাল
