ঈদে অনিশ্চয়তায় প্রিন্স!
মধ্যমণি শাকিব খান। দুই পাশে পরিচালক ও প্রযোজক।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১৪:২১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ১৪:২৯
বছরের সবচেয়ে বড় দুই উৎসব-ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঢাকাই সিনেমায় এই দুই ঈদ মানে বাড়তি দর্শক, বড় বাজেটের ছবি আর জমজমাট আলোচনা। তাই দেশের শীর্ষ নায়ক শাকিব খানও এখন ঈদকেন্দ্রিক রিলিজে বেশি মনোযোগী। কারণ বড় বাজেটের সিনেমা হলে নির্মাতারা মুনাফার নিশ্চয়তার জায়গা হিসেবে ঈদকেই বেছে নেন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের ছবি মূলত ঈদেই মুক্তি পায়।
ইতোমধ্যে আগামী ঈদুল ফিতরের জন্য শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন 'প্রিন্স' সিনেমায়। নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটি নির্মাণ করছেন। এটি তাঁর প্রথম সিনেমা। এতে শাকিবের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ। আরও দুই নায়িকা থাকবেন বলে জানালেও তাদের বিষয়ে এখনও চূড়ান্ত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির চিত্রগ্রহণ করবেন 'অ্যানিম্যাল'খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। বড় স্কেলে নির্মাণের ঘোষণা দেওয়ায় ছবিটি নিয়ে দর্শক আগ্রহও তুঙ্গে। জানা গেছে, ভারতে হবে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং।
দেশের গণমাধ্যমে পরিচালক ডিসেম্বরেই শুটিং শুরুর কথা জানিয়েছিলেন। তবে সময়মতো প্রস্তুতি শেষ করা যাবে কিনা, সেটি নিয়েই এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ে শুটিং শুরু করা না গেলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি সম্ভব নয়। সে কারণে ছবিটির রিলিজ পরের ঈদে সরিয়ে নেওয়ার কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে শুটিং শুরু অনিশ্চয়তার বিষয়টি উড়িয়ে দেন। পাশাপাশি ঈদুল ফিতরেই মুক্তির বিষয়টি জানান।
পরিচালক আবু হায়াত বললেন, 'সব ঠিক থাকলে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিন্সের শুটিং শুরু করব। যে দুই নায়িকার কথা জানিয়েছিলাম, তাদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত জানিয়ে দেব। সব ঠিক থাকলে আমরা ঈদুল ফিতরেই প্রিন্সকে মুক্তি দিতে চাই।'
তবে সূত্র বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, 'ডিসেম্বরের শুরুর দিকে শুটিং শুরুর বিষয়েও অনিশ্চয়তা আছে। শুটিং শুরু করলেও বড় বাজেটের একটি ছবি তাড়াহুড়ো করে শেষ করা সম্ভব নয়। তাই মুক্তির তারিখ পেছানোর প্রস্তুতি চলছে।' তবে এই কথা এখনই অফিসিয়ালি জানানোয় অপারগ তারা।
এরই মধ্যে 'প্রিন্স'কে ঘিরে চলছে ব্যাপক প্রি-প্রোডাকশন। যার সঙ্গেই চুক্তিবদ্ধ হচ্ছেন, প্রায় সবাইকে নিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন নির্মাতা ও প্রযোজক। প্রি-প্রোডাকশনের কাজে নিয়মিত ভারতেও যাতায়াত করছেন তারা। অমিত রায়ের সূত্রে তাদের দেখা হয়েছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গেও। গণমাধ্যমকে আবু হায়াত বলেন, 'অমিতাভ স্যার একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন। অমিতের মাধ্যমেই তাঁর সঙ্গে যোগাযোগ হয়। তিনি শাকিব খানের কিছু ছবি দেখেছেন। বাংলাদেশের বর্তমান বিনোদন জগৎ নিয়েও তাঁর আগ্রহ আছে।'
এদিকে শাকিব খান ব্যস্ত আছেন 'সোলজার' সিনেমার শুটিংয়ে। বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদের পরিচালনায় সিনেমাটির শেষ পর্যায়ের কাজ চলছে। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা।
- বিষয় :
- শাকিব খান
- নতুন সিনেমা
- প্রিন্স হ্যারি
