প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন
ছবি: কোলাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১৫:৩১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৭:২৩
বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দেশ বরেণ্য চিত্রনায়ক ও প্রযোজক মাসুম পারভেজ সোহেল রানা ও নায়ক রুবেলের ভাই।
কামাল পারভেজের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে ও নায়ক মাশরুর পারভেজ। তিনি জানান, ‘বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ। গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবণতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।’
৩টা ১৪ মিনিটে মাশরুর জানান, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অবস্থান করছি। একটু পরেই তাকে দাফন করা হবে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাঁদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি কয়েকটি ছবি প্রযোজনা করেছেন; এর মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। ‘বীরপুরুষ’ ছবিতে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ, তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।
- বিষয় :
- সোহেল রানা
- রুবেল
