‘ধর্মেন্দ্র ছিলেন সেই নায়ক যা প্রতিটি ছেলেই হতে চাইত’
অক্ষয় কুমার ও ধর্মেন্দ্র। ছবি: অক্ষয়ের ফেসুবক থেকে নেয়া।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৬:১৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১৬:৩০
সব গুজবের অবসান ঘটিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর বেঁচে নেই। সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাতারকা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা–প্রযোজক করণ জোহর।
দিনের শুরুতেই এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে করণ লেখেন, আজ আমাদের ইন্ডাস্ট্রিতে সৃষ্টি হলো এক গভীর শূন্যতা—যে জায়গা কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। সর্বদা একমাত্র ধর্মজি থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি স্যার, আপনাকে খুব মিস করব। আজ স্বর্গ ধন্য। আপনার সঙ্গে কাজ করা আমার জীবনের আশীর্বাদ হয়ে থাকবে… ওম শান্তি।
করণ আরও যোগ করেন, একটি যুগের অবসান। মূলধারার ভারতীয় সিনেমার ‘নায়ক’ শব্দটির প্রতীক, অবিশ্বাস্যভাবে সুদর্শন এবং রহস্যময় পর্দা–উপস্থিতির অধিকারী ছিলেন তিনি। ধর্মেন্দ্র ছিলেন সত্যিকারের ভারতীয় কিংবদন্তি।
এরপর সামাজিক মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করেন অক্ষয় কুমারও। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ছোটবেলায় ধর্মেন্দ্রজি ছিলেন সেই নায়ক, যা প্রতিটি ছেলেই হতে চাইত। আমাদের ইন্ডাস্ট্রির আসল হি-ম্যান। প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনার সিনেমা আর ভালোবাসার মধ্য দিয়েই আপনি বেঁচে থাকবেন। ওম শান্তি
শোক জানিয়েছেন অজয় দেবগণও। তিনি লিখেছেন, ধরমজির মৃত্যুর খবর শুনে মন ভেঙে গেল। তাঁর উষ্ণতা, উদারতা ও উপস্থিতি শিল্পকে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করেছে। ভারতীয় সিনেমা হারাল এক কিংবদন্তিকে, আর আমরা হারালাম এমন একজন মানুষকে, যিনি এই ইন্ডাস্ট্রির আত্মাকে রূপ দিয়েছেন। শান্তিতে ঘুমান, ধরমজি। ওম শান্তি।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোকসন্তপ্ত হয়েছেন সুনীল শেঠি, কারিনা কাপুর, কিয়ারা আদভানীসহ বলিউডের অসংখ্য তারকা।
- বিষয় :
- ধর্মেন্দ্র
- বলিউড
