নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি, সেই ‘অমীমাংসিত’ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে
‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মের পোস্টার। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৩:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৩:৪৪
দীর্ঘদিনের জটিলতা, বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মুক্তির আলো দেখতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘অমীমাংসিত’। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়; ডিজিটাল দর্শকের চাহিদা বিবেচনা করে আসছে ডিসেম্বরে, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
রহস্য-থ্রিলারধর্মী এই কাজটি সেন্সর জটিলতার কারণে দীর্ঘদিন আটকে থাকায় শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে দর্শক-সমালোচকদের আগ্রহ বেশ লক্ষ্য করা গেছে। ‘অমীমাংসিত’ সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সাংবাদিক দম্পতির রহস্যজনক খুন। মৃত্যুর আগে-পরে ঘটে যাওয়া অস্বাভাবিক সব ঘটনা, সম্পর্কের টানাপোড়েন এবং হত্যাকাণ্ডের প্রমাণ নষ্টের ইঙ্গিত–সব মিলিয়ে গড়ে উঠেছে এক গা-ছমছমে মনস্তাত্ত্বিক ড্রামা। তদন্ত এগোতে থাকে, কিন্তু সত্য-মিথ্যার রেখা আরও জট পাকিয়ে দর্শককে ফেলতে চায় দ্বিধার গভীরে। এই গল্পের গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। দুজনের অভিনয় ও রসায়নই গল্পকে সামনে এগিয়ে নেওয়ার মূল অবলম্বন।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। মুক্তির মাত্র কয়েকদিন আগে তৎকালীন সেন্সর বোর্ড ছবিটি নিয়ে আপত্তি তোলে। প্রকাশিত টিজারে সাংবাদিক দম্পতি খুন এবং কিছু দৃশ্যে প্রমাণ নষ্ট হওয়ার ইঙ্গিত সামনে আসায় বোর্ড ছবিটিকে দুই দফায় দেখে প্রদর্শন অযোগ্য ঘোষণা করে। এর পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ছবিটি কি কোনো বাস্তব ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? চলচ্চিত্রে সাংবাদিকতা পেশার কিছু সংবেদনশীল দিক ভুলভাবে দেখানো হয়েছে কি? অনেকে চলচ্চিত্রটিকে সাহসী গল্প বলার একটি প্রয়াস বলেও মন্তব্য করেন। নির্মাতা সে সময় পরিষ্কার করে বলেন, ‘গল্প সম্পূর্ণ কাল্পনিক। তবে বাস্তব জীবন থেকেই তো শিল্পের অনুপ্রেরণা আসে–এটাই স্বাভাবিক।’ সিনেমাটির সেন্সরজট কাটে সরকারের পরিবর্তনের পর। নতুনভাবে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছবিটির পক্ষ থেকে আপিল করা হলে ‘অমীমাংসিত’ আবার দেখা হয় এবং এরপরই চলচ্চিত্রটিকে মুক্তিযোগ্য ঘোষণা করা হয়। এ ঘোষণার পর নির্মাণ ও শিল্পী দলের মধ্যে স্বস্তি ফিরে আসে। ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শনের স্বাধীনতা থাকলেও আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ায় মুক্তি প্রচারণা, পোস্টার প্রকাশ, ক্যাম্পেইন, সবকিছু শুরু করা সহজ হয়।
রায়হান রাফীর প্রতিটি কাজের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তাঁর কাজের সিগনেচার হলো–টানটান রহস্য, আবেগের দ্বন্দ্ব, অন্ধকার বাস্তবতা আর মনস্তাত্ত্বিক চাপের সূক্ষ্ম ব্যবহার। ‘অমীমাংসিত’ও তার ব্যতিক্রম নয়। গল্প এবং চরিত্রের গভীরতা তুলে ধরতে ব্যবহার করা হয়েছে আলো-ছায়ার বিশেষ নকশা, নীরবতার ভয়ংকরতা এবং বাস্তবধর্মী তদন্ত পদ্ধতির চিত্রায়ণ। পরিচালক বলেন, ‘‘মানুষের জীবনে কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর চাইলেও পাওয়া যায় না। সেই অমীমাংসিত জায়গায়ই লুকিয়ে থাকে গল্পের শক্তি। এই অনুভূতিটাই ‘অমীমাংসিত’-এর কেন্দ্রে।’’
ডিসেম্বর সাধারণত দর্শকদের জন্য উৎসবমুখর সময় হিসেবেই বিবেচনা করা হয়। বছরের শেষ সময়ে দর্শক ওটিটিতে বেশি সময় দেন। ফলে এই সময়টিকে বড় রিলিজের জন্য বেছে নিয়েছে আইস্ক্রিন। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অমীমাংসিত’ হবে তাদের ডিসেম্বরের অন্যতম হাইলাইটেড কনটেন্ট। সেন্সরজট, রহস্যঘেরা কাহিনি, সাংবাদিকদের স্পর্শকাতর প্রেক্ষাপট সব মিলিয়ে ‘অমীমাংসিত’ মুক্তির আগেই আলোচনায়। ফলে ‘অমীমাংসিত’কে রায়হান রাফীর ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।
- বিষয় :
- ওয়েব ফিল্ম
- ওটিটি প্লাটফর্ম
