ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চার ব্যান্ডের দুই কনসার্ট আজ

চার ব্যান্ডের দুই কনসার্ট আজ
×

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা।

আনন্দ প্রতিদিন প্রতিবেদক 

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ১২:৩১

রাজধানী ঢাকায় ভিন্ন দুই মঞ্চে আজ গান শোনাবে দেশি-বিদেশি চার ব্যান্ড। যার মধ্যে ‘ওয়েব ফেস্ট সিজন ওয়ান’ কনসার্টে অংশ নিতে যাচ্ছে পাকিস্তানের আলোচিত ব্যান্ড কাভিশ। সঙ্গে থাকছে দেশের প্রথম সারির দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। এ আয়োজন করছে প্রাইমওয়েভ কমিউনিকেশনস। এই প্রতিষ্ঠানের সঙ্গে টোট্টেং কমিউনিকেশন থাকছে ডিজিটাল পার্টনার হিসেবে।

আয়োজকদের কথায়, ২৭ বছর ধরে সেমি ক্লাসিক্যাল ঘরানার পরিবেশনা দিয়ে অগণিত সংগীতপ্রেমীর হৃদয় কড়া নেড়ে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে নিজ দেশের পাশাপাশি উপমহাদেশে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন এই ব্যান্ড। এ দেশেও কাভিশের অনুরাগী সংখ্যা কম নয়। সে কারণে ‘ওয়েব ফেস্ট সিজন ওয়ান’ কনসার্টের জন্য তাদের আমন্ত্রণ জানানো। সঙ্গে থাকছে দেশের আরও দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল; যারা এরই মধ্যে দেশীয় ব্যান্ডগুলোর প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। নিজস্বতা ধরে রেখে একের পর এক অভিনব আয়োজন দিয়ে দেশের এই দুটি ব্যান্ড জয় করেছে অগণিত শ্রোতা হৃদয়। তাই কাভিশ, শিরোনাহীন ও মেঘদলকে নিয়ে আয়োজিত আজকের কনসার্টটি অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তাদের বিশ্বাস।

আয়োজকরা আরও জানান, ঢাকার কোর্ট সাইড, মাদানী অ্যাভিনিউতে আয়োজিত ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’ কনসার্টটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। তবে দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহে দর্শকরা এই সংগীতায়োজন উপভোগ করতে পারবেন।

একই দিনে রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শিরোনামে ভিন্নধর্মী আরেকটি আয়োজন পারফর্ম করবে এ সময়ের আলোচিত ব্যান্ড সোনার বাংলা সার্কাস। রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক; যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এ আয়োজনে সোনার বাংলা সার্কাস জনপ্রিয় গানগুলোর পরিবেশনা ছাড়াও থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য।

আয়োজকদের কথায়, ঢাকাস্থ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দেখানো হবে– কীভাবে সংগীত ও শিল্প মানুষকে একত্রিত করে। তাই এটিকে অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে মেলানো যাবে না। কারণ, এটি সংস্কৃতি, বন্ধুত্ব ও একতার উৎসব, যা রাশিয়া ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে। আয়োজকরা আরও জানান, আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’-এর পরিবেশনা পর্ব। এটি সব শ্রেণির দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে ভিন্ন দুই মঞ্চে দুই রকম আয়োজন নিয়ে গত কয়েক দিন ধরে দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সামাজিক মাধ্যমেও সংগীতপ্রেমীরা এমন আয়োজন নিয়ে নিজেদের মত প্রকাশ করে চলেছেন। একইভাবে কনসার্টে অংশ নিতে যাওয়া ব্যান্ডগুলোর সদস্যরা আয়োজন সফল করার ইঙ্গিত দিয়েছেন।

তাদের কথায়, বিভিন্ন দেশের শিল্পী মিউজিশিয়ানরা যখন এক মঞ্চে পারফর্ম করেন, তখন কেবল দর্শক-শ্রোতার প্রত্যাশাই পূরণ হয় না, একই সঙ্গে সংস্কৃতির আদান-প্রদানও হয়ে থাকে। তাই এমন আয়োজন বছরের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে হওয়া উচিত বলেও মনে করেন তারা। সবশেষে দুই মঞ্চে চার ব্যান্ডের পরিবেশনা অনেক দিন দর্শক-শ্রোতা মনে অনুরণন তুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রতিটি ব্যান্ডের সদস্যরা।

আরও পড়ুন

×