বাউল হয়রানি-বন্দর লিজের প্রতিবাদে লন্ডনে উদীচীর সমাবেশ
উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের উদ্যোগে সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৬:৪০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৯:৪০
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত, বাউল শিল্পীদের গ্রেপ্তার-হয়রানি এবং দেশের বন্দর বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার প্রতিবাদে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে লন্ডনের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক সেলিনা শাফির সঞ্চালনায় ও শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচীর প্রাক্তন সভাপতি রফিকুল হাসান খান জিন্নাহ, বাংলাদেশি কমিউনিস্ট পার্টির যুক্তরাজ্য শাখার সভাপতি আবিদ আলী, সাংস্কৃতিক সংগঠক উর্মি মাজহার, লেখক ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ড. আখতার সোবহান মাসরুর, সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের সভাপতি গোপাল দাস, ছান্দসিক আবৃত্তি সংগঠনের সভাপতি মুনিরা পারভীন, উদীচীর সহসাধারণ সম্পাদক অসীমা দে, প্রাক্তন সাধারণ সম্পাদক জুবের আকতার সুহেল, বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব সাইদা শিখা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিম তালুকদার ও উদীচীর সহ–সভাপতি মুনজেরিন রশিদ সনি।
প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে সংস্কৃতিবিরোধী পদক্ষেপ আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। একইসঙ্গে বাউল শিল্পীদের মুক্তি এবং তাঁদের যে কোনো প্রকার হয়রানি বন্ধের আহ্বান জানান বক্তরা। এছাড়া দেশের বন্দর বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার পদক্ষেপ থেকে বিরত থাকতে সরকারের প্রতিও আহ্বান জানান তারা।
সমাবেশে কবিতা আবৃত্তি করেন— শাহ শরীফ উদ্দিন এবং জান্নাতুল ফেরদৌসী ডলি। এছাড়াও গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী এবং সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিল্পীরা।
- বিষয় :
- উদীচী শিল্পীগোষ্ঠী
- প্রতিবাদ
