মৃত্যুর দুই সপ্তাহ পর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন, স্বামীর স্মরণে হেমার বার্তা
ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ছবি: এক্স
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫১
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর মারা গেছেন। মৃত্যুর দুই সপ্তাহ পর আজ ধর্মেন্দ্রর ৯০তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী-অভিনেত্রী হেমা মালিনী।
সোমবার এক্সে (টুইটার) নিজের সঙ্গে ধর্মেন্দ্রর কয়েকটি সুখের মুহূর্তের ছবি পোস্ট করেন হেমা। ক্যাপশনে লিখেন, ‘ধরমজি, জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার প্রিয় হৃদয়। আপনি চলে যাওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে। ভাঙা হৃদয়ের টুকরো গুছিয়ে আবার জীবনকে সাজানোর চেষ্টা করছি, জেনে যে আপনার আত্মা সবসময়ই আমার সঙ্গে থাকবে। আমাদের একসঙ্গে কাটানো আনন্দময় স্মৃতিগুলো কোনোদিন মুছে যাবে না। সেই মুহূর্তগুলো আবার মনে করলে মন ভরে যায় সান্ত্বনা আর আনন্দে।’
তিনি আরও লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাদের সুন্দর বছরগুলো, আমাদের দুই সোনামণি মেয়ের জন্য, যারা আমাদের ভালোবাসার প্রতীক। আজ আপনার জন্মদিনে আমার প্রার্থনা—ঈশ্বর আপনাকে শান্তি আর প্রশান্তিতে রাখুন। আপনার বিনয়, হৃদয়ের ভালোবাসা আর মানবতার প্রতি টান আপনাকে আরও মহিমান্বিত করেছে। জন্মদিনের শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমাদের একসঙ্গে থাকার সোনালি মুহূর্তগুলো মনে পড়ছে।”
Dharam ji
— Hema Malini (@dreamgirlhema) December 8, 2025
Happy birthday my dear heart❤️
More than two weeks have passed since you left me heartbroken, slowly gathering up the pieces and trying to reconstruct my life, knowing that you will always be with me in spirit. The joyful memories of our life together can never be… pic.twitter.com/zY3QBJN0YE
সত্তরের দশকে ‘শরাফত’, ‘তুম হাসিন মেঁ জওয়ান’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’সহ একাধিক ছবিতে কাজ করতে করতে দর্শকের কাছে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন ধর্মেন্দ্র–হেমা মালিনী। অফস্ক্রিনেও প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ছিলেন বলে প্রথমে হেমার মা সম্পর্কটি মেনে নেননি।
দীর্ঘ সাত বছরের প্রেমের পর ১৯৮০ সালে তারা বিয়ে করেন। এরপর জন্ম নেয় তাদের দুই কন্যা-ঈশা ও অহনা দিওল।
ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে পরিবারের উপস্থিতিতে পাওন হ্যান্স শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
- বিষয় :
- ধর্মেন্দ্র
- হেমা মালিনী
