হৃদয় হলে তোমার মতো হতে হয়, তুমিই আমার নায়ক: ববি
ধর্মেন্দ্র ও ববি দেওল। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২১:০১ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১০:৫০
গত ২৪ নভেম্বর পৃথিবীকে বিদায় বলেছেন ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বাবার মৃত্যুর পর এতদিন কোনো মন্তব্য করেননি দুই পুত্র সানি ও ববি দেওল। মৃত্যুর ১৪ দিন পর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন ববি। এটি ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট।
ববি লেখেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই এই লেখাটি লিখছি। তুমি আমাদের সবাইকে যে ভালোবাসা দিয়েছ, বিশ্বের আর কোথাও এমন ভালোবাসা নেই। আমাদের প্রতিটি হাসি-অশ্রু, প্রতিটি কষ্টের মুহূর্তে তুমি পাশে থেকেছ। যা কেবল আমাদের ধরমই করতে পারে।’
কবিতা আকারে তিনি আরও জানান, ‘তুমি যখন তারকা হলে, তখন সবাইকে নিয়ে এগিয়েছিলে। কারও হাত ছাড়নি। দেশের নাম গর্বের সঙ্গে উজ্জ্বল করেছ। তুমি সবার ‘হি-ম্যান’, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছেই স্বপ্ন দেখতে শিখেছি, শিখেছি আত্মবিশ্বাস। তোমার মূল্যবোধই আমাদের ‘দেওল’ করেছে।’

ধর্মেন্দ্র ও ববি দেওল। ছবি: ইন্সটাগ্রাম
বাবার মতোই ভালো মানুষ হতে চান ববি ও সানি। সাক্ষাৎকারে বহুবার এমন কথা বলেছেন তাঁরা। বিশেষ দিনেও সেই অনুভূতি আবার তুলে ধরলেন ববি।
শেষে তিনি লিখলেন, “হৃদয় হলে তোমার মতো হতে হয়। ভালোবাসলেও তোমার মতোই ভালোবাসতে হয়। তোমার সন্তান হতে পেরে আমি গর্বিত। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আজীবন তোমাকে ভালোবাসব।”
এদিকে ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে দেওল পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান উপস্থিত হয়েছিলেন ধর্মেদ্রর ভাক্তরা। আজ দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ভক্তদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়।
- বিষয় :
- ববি দেওল
- ধর্মেন্দ্র
