বিদেশের পর ‘দম’ এবার দেশে
চঞ্চল চৌধুরী, পূজা চেরী ও আফরান নিশো। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৪:১০
বেশ ঢাকঢোল পিটিয়ে ঘটা করে মহরতের মাধ্যমে ঈদের সিনেমা ‘দম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে আয়োজনেই জানানো হয় সিনেমাটির কলাকুশলীর নাম। আনুষ্ঠানিক ঘোষণা আসে সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে থাকবেন পূজা চেরীও। এর কয়েক দিন পরই ‘দম’ পুরো টিম নিয়ে উড়াল দেয় কাজাখস্তানে।
আগে জানানো হয়েছিল বাংলাদেশসহ তিন দেশে হবে সিনেমাটির শুটিং। সেই ঘোষণার ধারাবাহিকতায়ই কাজাখস্তানে যাওয়া। সেখানে মাইনাস টু তাপমাত্রায় সপ্তাহখানেক টানা শুটিং হয়। শুটিং শেষ করে ৬ ডিসেম্বর দেশে ফেরে দম টিম। সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি।
তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয় কাজাখস্তানে। আমরা দুর্গম কিছু স্থানে শুটিং করেছি। সেখানে আবহাওয়াও অনেকটা প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তায় আমরা শুটিং শেষ করে ফিরতেও পেরেছি। এবার দেশে শুটিং করার পালা।’
কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা কারও জন্য খুব একটা সুখকর ছিল না। সেটা অভিনেতা চঞ্চল চৌধুরীর বয়ানেও ফুটে ওঠে। তাঁর জন্য দেশটিতে পৌঁছানোও ছিল বেশ কঠিন।
অভিনেতা বলেন, ‘আমার জীবনে এত লম্বা জার্নি কখনও করিনি। ট্রানজিট ও টানা ভ্রমণে মোটামুটি হাঁপিয়ে উঠি। কী যে ঠান্ডা, মাইনাস টু। তবে মাইনাস টু হলেও ফিল লাইক ৭-৮-এর মতো। আমার জীবনে এত ঠান্ডার মধ্যে শুটিং করিনি। এবার দমের শুটিংয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো।’
বিদেশে শুটিং শেষ হওয়ার পর এবার দেশে শুরু হবে শুটিং। দেশে কবে হবে? এ কৌতূহল নিয়ে দম টিমের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সবে দেশে ফিরেছেন। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চায় টিম। এরপর নতুন করে শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি। ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়, রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’। সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
এ বছরের জুলাইয়ে এতে যুক্ত হন তারকা অভিনেতা আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি ‘দম’-এ অভিনয় করছেন। অনুষ্ঠানস্থলে পালকিতে চড়ে আসেন তিনি, যা বাড়তি আকর্ষণ যোগ করে।
পূজা বলেন, “দম সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।”
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, “প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বলেছিলেন, রেদওয়ান রনি ভাই ফোন করবেন। কয়েক দিন পর তিনি ফোন দিয়ে অডিশনের কথা বললেন। আমি খুবই আগ্রহী ছিলাম। কারণ আমি ‘দম’ সিনেমায় কাজ করতে চেয়েছিলাম। অডিশনের পর জানতে পারি আমি চূড়ান্ত। আনন্দে তখন আমার খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল! এখন আমরা নিয়মিত রিহার্সাল করছি, পুরো যাত্রাটা দারুণ লাগছে।”
সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে আছেন সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
- বিষয় :
- চঞ্চল চৌধুরী
- পূজা চেরী
- আফরান নিশো
