ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাক্ষাৎকার

গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখি না: শুভ

গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখি না: শুভ
×

চিত্রনায়ক আরিফিন শুভ।

অনিন্দ্য মামুন 

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৬

আরিফিন শুভ। আগামীকাল তাঁর অভিনীত ‘নূর’ সিনেমাটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন তিনি। সেই শুটিংয়ে আহতও হয়েছেন। কাজের এইসব নানা বিষয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

শুটিং করতে গিয়ে নাকি আহত হয়েছেন। এখন শারীরিক অবস্থা কেমন?

হ্যাঁ, আগুনে পা অনেকটা পুড়ে গিয়েছিল। তবে এখন আগের চেয়ে ভালো আছি। হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। কিছুদিন বিশ্রামে থাকতে হবে হয়তো। 

ফেসবুকে সেই শুটিংয়ে দুর্ঘটনার ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এটি মালিক সিনেমার শুটিংয়ের?

ভিডিওটি আমার চোখেও পড়েছে। এটি একটি অ্যাকশন দৃশ্যের শুট করার সময়ের। সিনেমা নাকি অন্য কিছুর সেটি রহস্য হিসেবেই থাকুক আপাতত। তবে কোনো শুটিংদৃশ্য এভাবে ফেসবুকে চলে আসা একেবারেই অনুচিত। এসব করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই। 

নতুন সিনেমার শুটিং করছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাচ্ছেন না। কারণ কী? 

আমি তো কেবল সিনেমার আর্টিস্ট। সিনেমার প্রযোজক তো না। আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান দেখছে। তবে যতটুকু জানি, এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় আসেনি। তবে শিগগিরই হয়তো প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে। 

সিনেমার টিম বা স্কেল নিয়ে কিছু বলতে পারবেন? নাকি এসবও গোপন রাখার সিদ্ধান্ত?

যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর কেবল প্রযোজক ও পরিচালকই দিতে পারবেন। আমি কিছু বলতে পারছি না। 

এদিকে আগামীকাল ‘নূর’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। অথচ এটি তো সিনেমা হলের জন্যই বানিয়েছিলেন?

‘নূর’ সিনেমা হলের সিনেমা। এই সিনেমার প্রযোজক পরিবর্তন ও সহপ্রযোজক সংযুক্ত হয়েছে একাধিকবার। সিনেমা কোথায় মুক্তি পাবে সেই সিদ্ধান্ত এখন তাদেরই। তবে আমার চাওয়া ছিল নূর সিনেমা হলেও মুক্তি পাক। সেটি হলে দর্শকের অংশগ্রহণ আরও বাড়ত। এখন বড় বড় ইন্ডাস্ট্রিতেও সিনেমা সরাসরি ওটিটিতে মুক্তি পাচ্ছে। নূর অবশেষে দর্শক উপভোগ করতে পারছে, আমি তাতেই খুশি– সেটি যে মাধ্যমেই হোক। 

সিনেমার সহপ্রযোজক আপনি। গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কেন নূরের মুক্তি ঝুলে গেল?

সেটি খাতা-কলমে যথাযথভাবে থাকলে তেমনটা হওয়ার কথা ছিল না। আমি কী বলতে চেয়েছি সেটি অবশ্যই বুঝেছেন। 

সিনেমাটির ট্রেলারে বা পোস্টারে নতুন এক চরিত্রে দেখা গেছে আপনাকে। সিনেমাটি কি বলিউডের ‘তেরে নাম’ সিনেমার অনুকরণে বানানো?

একেবারেই না। ‘নূর’ একেবারেই আমাদের দেশের লোকাল গল্প। এ দেশের প্রতিটি উপশহরে অদ্ভুত অদ্ভুত প্রেমের গল্প আছে। যে প্রেমে যুক্তিহীন পাগলামি আছে। ‘নূর’ তেমনই একটি গল্প; যা আমাদের আশপাশেই ঘটছে বা ঘটেছে।  

পুলিশি থ্রিলার বা অ্যাকশন চরিত্রের পর এমন পাগল টাইপ চরিত্রে অভিনয় করবেন, তা অনেকটাই অবিশ্বাস্য। কেন এমন চরিত্র করা?

আমি সবসময়ই নিত্যনতুন চরিত্র খুঁজি। পরিচালক-প্রযোজকরা যে চরিত্রের জন্য আমাকে যোগ্য মনে করেন সেটিই করার সুযোগ হয়ে ওঠে। ‘নূর’ চরিত্রে পাগলামি আছে, যা আমাকে আকর্ষণ করেছে। বলতে পারেন সিনেমাটিতে একজন পাগল প্রেমিক হতে চাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি।

সিনেমাটিতে নায়িকা ঐশী। আপনার পর পর তিন সিনেমার নায়িকা তিনি। এখন তাঁর প্রেমের গুঞ্জন ভাসছে...

শোবিজে কাজ করলেই নায়িকাকে ঘিরে গুঞ্জন সৃষ্টি হয়। এটি নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখি না। তারকাজীবন এমনই। নায়ক-নায়িকাদের নিয়ে যে যার মতো গল্প ভাবতে আনন্দ পান। সে ভাবনা নিয়ে আমার কিছু বলার নেই। 

আপনি নাকি হলিউড ও বলিউডের প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এর সত্যতা কতটুকু?

সত্য হলে আপনাদের মাধ্যমে দর্শকরা জানতে পারবেন। আপাতত শুধু দোয়া চাই সবার কাছে। 

মাকে হারিয়েছেন। সংসার জীবনে বিচ্ছেদও হয়েছে। এখন তো পুরোপুরি সিঙ্গেল। এই সিঙ্গেল জীবনে কার সঙ্গ আপনাকে আনন্দ দেয়?

আমার জীবনে সত্যিকারের আপন মানুষ বলতে যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি একমাত্র আমার মা। এরপর কে হবেন সেটি শুধুই আল্লাহ জানেন। জীবনে আপাতত সুস্থ ও সুন্দরভাবে শুধু অভিনয়টুকু নিয়েই বাঁচতে চাই। 

এইবার সরাসরি একটা প্রশ্ন করি। বিয়েটা কবে করছেন?

সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন। আমি অন্তত সেটি জানি না। 

আরও পড়ুন

×