এবার আন্তর্জাতিক যাত্রায় খুলনার সিনেমা ‘দেলুপি’
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫০
খুলনার মাটির গন্ধ, নদীর জীবন আর মানুষের সংগ্রামকে পর্দায় ধারণ করা চলচ্চিত্র ‘দেলুপি’ এবার পাড়ি জমাচ্ছে ইউরোপে। বাংলাদেশের এই সিনেমাটি নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এটাই তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের ৫৫তম আসর। এই আয়োজনে বিশ্বের খ্যাতনামা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও স্বাধীন ধারার (আর্টহাউস) সিনেমা জায়গা পায়। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘দেলুপি’।
উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে ‘দেলুপি’র। সাধারণত নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমা এই বিভাগে নির্বাচিত হয়, যা নতুন নির্মাতাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি।
রটারড্যামে সিনেমাটির যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো নির্মাতা দল। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, 'রটারড্যাম থেকে প্রথম ইমেইল পেয়ে যখন জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন আমরা একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কারণ সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষকে কথা দিয়েছিলাম, সবার আগে তারাই সিনেমাটি দেখবেন।'
তিনি আরও বলেন, 'আমাদেরও ইচ্ছা ছিল, আগে বাংলাদেশের দর্শকদের সিনেমাটা দেখানোর। বিষয়টি আমরা ফেস্টিভ্যাল আয়োজকদের জানিয়েছি এবং তারা সেটাতে সম্মতি দিয়েছেন। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকরা ‘দেলুপি’ দেখবেন, এই ভাবনা আমাদের সত্যিই আনন্দিত করে।'
উল্লেখ্য, খুলনার প্রান্তিক জনপদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দেলুপি’ সিনেমাটি।
- বিষয় :
- বাংলা সিনেমা
