রাজাকারদের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন মল্লিকার বাবা
‘ডাক্তার বাড়ি’ নাটকের দৃশ্যে নাসিম ও মৌ।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩২
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ টেলিভিশন নাটক ‘ডাক্তার বাড়ি’ নির্মিত হয়েছে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকে দীর্ঘদিন পর আবারও মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি গ্রামের বাড়ি কীভাবে নীরবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহযোগিতা করে সেই মানবিক ও সাহসী গল্পই উঠে এসেছে ‘ডাক্তার বাড়ি’ নাটকে। এতে মৌ অভিনয় করেছেন মল্লিকা চরিত্রে। গ্রামের একজন ডাক্তারের মেয়ে মল্লিকা গোপনে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়, বাবাকে না জানিয়ে। একপর্যায়ে রাজাকারদের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন তার বাবা।
নাটকটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। মল্লিকার বাবার চরিত্রে দেখা যাবে নরেশ ভুঁইয়াকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
নির্মাতা অরুণ চৌধুরী ২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিজয় দিবস উপলক্ষে ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করে আসছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবছর নির্মিত হয়েছে ‘ডাক্তার বাড়ি’। নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে চলতি মাসের ৮ থেকে ১০ ডিসেম্বর।
নিয়মিত টেলিভিশন নাটকে খুব একটা দেখা না গেলেও বিশেষ দিবস বা উপলক্ষের নাটকে বরাবরই আলাদা মাত্রা যোগ করেন সাদিয়া ইসলাম মৌ। এবারের বিজয় দিবসেও তিনি হাজির হয়েছেন মুক্তিযুদ্ধের এক ব্যতিক্রমী ও শক্তিশালী চরিত্রে।
‘ডাক্তার বাড়ি’ আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
- বিষয় :
- সাদিয়া ইসলাম মৌ
