ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘অমীমাংসিত’ শুধু সাগর-রুনি হত্যার রহস্যের সঙ্গে মেলানো যাবে না: রায়হান রাফী

‘অমীমাংসিত’ শুধু সাগর-রুনি হত্যার রহস্যের সঙ্গে মেলানো যাবে না: রায়হান রাফী
×

রায়হান রাফী। ছবি: সমকাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ২০:১৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ২০:৩০

সেন্সর বোর্ডে প্রায় দুই বছর আটকে থাকার পর অবশেষে মুক্তি পেল নির্মাতা রায়হান রাফীর ওয়েব সিনেমা ‘অমীমাংসিত’। আজ সন্ধ্যা ৭টা থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন দর্শকরা। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে সাবস্ক্রিপশনের মাধ্যমে সিনেমাটি দেখতে পারবেন সবাই।

রহস্য, থ্রিলার এবং টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ‘অমীমাংসিত’ মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এর পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, এ কে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভসহ সিনেমার কলাকুশলীরা।

নির্মাণের শুরু থেকে ‘অমীমাংসিত’ নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় দর্শকদের মধ্যে। শুরু থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড ঘিরে তৈরি এ ফিল্ম।

পরিচালক রায়হান রাফী বলেন, “আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছি। বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়া হয়েছে। দুইবছর পর অবশেষে মুক্তি পেল ‘অমীমাংসিত’। শুধু সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে এটা বানাইনি। এটা দেশের অসংখ্য ‘অমীমাংসিত’ মামলাকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি ‘অমীমাংসিত’ মামলার সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

২০২৪ সালের ছবিটি আটকে যাওয়ার ঘটনা স্মরণ করিয়ে রাফী বলেন, ‘সিনেমাটি মুক্তির দুদিন আগে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন আসে। বলা হয়, ছবি মুক্তি দেওয়া যাবে না। আগে সেন্সর বোর্ডের অনুমতি নিতে হবে। ওটিটি কনটেন্ট সেন্সর বোর্ডের অনুমতি নেওয়ার নিয়ম নেই, তারপরও আমরা সেন্সরে জমা দিই। সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৪ সালের নির্ধারিত সময়ে মুক্তি পায়নি ছবিটি। জুলাই গণ-অভ্যুত্থানের পর সেন্সরবোর্ড থেকে নাম বদলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে আপিলের মাধ্যমে ছবিটি মুক্তির অনুমতি পাওয়া যায়।’

অভিনেত্রী তানজিকা আমিন বলেন, ‘পরিচিত-অপরিচিত সবার একটাই প্রশ্ন ছিল, অমীমাংসিত কবে আসবে? এটা কি রিলিজ হবে নাকি হবে না? বহুবার এ প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। ছবির অভিনেতারও একই কথা, ‘সবার একটাই প্রশ্ন ছিল, অমীমাংসিত কবে আসবে? অবশেষে এসে গেল।’

আরও পড়ুন

×