‘শিরোনামহীন ইচ্ছেকৃতভাবে কনসার্ট বাতিল করেছে, এটি সত্য নয়’
শিরোনামহীন।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৫:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১৫:০২
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের। তবে নিরাপত্তাজনিত কারণে শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয়। এতে সমাবর্তনে উপস্থিত অতিথিদের একাংশের মধ্যে অভিযোগ ওঠে-ব্যান্ডটি নাকি ইচ্ছাকৃতভাবেই কনসার্টে অংশ নেয়নি। এ অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শিরোনামহীন।
রোববার (২১ ডিসেম্বর) ব্যান্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পারফর্ম করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। এমনকি আয়োজকদের কাছ থেকে সম্মানীর ৩০ শতাংশ অগ্রিমও গ্রহণ করা হয়েছিল।
পোস্টে শিরোনামহীন জানায়, ‘গতকাল রাত আনুমানিক ৯টার দিকে আমাদের জানানো হয় যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। সে কারণেই কনভোকেশনের দ্বিতীয় অংশ-সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’
ব্যান্ডটির পক্ষ থেকে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান হওয়ায় নিয়মের ব্যতিক্রম করে পুরো সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও তারা পারফর্ম করতে সম্মত ছিল। এমনকি একই তারিখে অনুষ্ঠিতব্য স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন কনসার্ট বাতিল করেও রাজশাহীতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল শিরোনামহীন। উল্লেখ্য, স্টেট ইউনিভার্সিটির অনুষ্ঠানটি রাষ্ট্রীয় শোক দিবসের কারণে ২০ থেকে ২১ ডিসেম্বর পুনর্নির্ধারিত হয়েছিল।
বিবৃতির শেষাংশে ব্যান্ডটি জানায়, ‘কনসার্টটি শেষপর্যন্ত বাতিল হওয়ায় আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে অতিথিদের একাংশের যে ধারণা-শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে-তা সম্পূর্ণ সত্য নয়।’
উল্লেখ্য, শিরোনামহীনের পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর পারফর্ম করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে পুরো সাংস্কৃতিক আয়োজনই বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- শিরোনামহীন
