নেটফ্লিক্সে আসছে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি
‘জেমস বন্ড: কোয়ান্টাম অব সোলেস’-এর একটি দৃশ্য
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩৬
স্ট্রিমিং দুনিয়ায় নতুন চমক যোগ করতে যাচ্ছে নেটফ্লিক্স। জনপ্রিয় এই প্ল্যাটফর্মে শিগগিরই দেখা যাবে বিশ্ববিখ্যাত জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির একাধিক আলোচিত সিনেমা। অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে বিশেষ চুক্তির আওতায় আগামী জানুয়ারি থেকেই বন্ড সিরিজের নির্বাচিত ছবিগুলো নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হবে।
মার্কিন বিনোদনবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি জানায়, যদিও অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী, তবু কনটেন্ট বিনিময় ও ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে এই সহযোগিতা বাস্তবায়ন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কনটেন্ট বৈচিত্র্য ও বৈশ্বিক দর্শকভিত্তির দিক থেকে বর্তমানে নেটফ্লিক্স স্ট্রিমিং প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।
আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশগুলো, লাতিন আমেরিকাসহ আরও কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকরা জেমস বন্ডের সিনেমাগুলো দেখতে পারবেন। তালিকায় রয়েছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত সর্বশেষ বন্ড চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’, পাশাপাশি আগের জনপ্রিয় কিস্তি ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে চুক্তির শর্ত অনুযায়ী, এই সিনেমাগুলো মাত্র তিন মাসের জন্য নেটফ্লিক্সে দেখা যাবে।
জেমস বন্ডের পাশাপাশি অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সের লাইব্রেরিতে যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে– ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত সিনেমা এবং ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো। এ ছাড়া অ্যামাজনের আলোচিত সিরিজ ‘হান্টার্স’ ইতোমধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে প্রচার শুরু হয়েছে। ভবিষ্যতে ‘দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেল’সহ আরও কয়েকটি সিরিজ যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এ বিষয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওজের ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউশন প্রধান ক্রিস ওটিঙ্গার বলেন, এমজিএম অধিগ্রহণের পর থেকেই অ্যামাজনের লক্ষ্য ছিল তাদের আইকনিক কনটেন্ট বিশ্বব্যাপী আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়া। তাঁর ভাষায়, “জেমস বন্ড এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। নতুন প্রজন্মের দর্শকদের কাছে এটিকে নতুনভাবে উপস্থাপন করতেই এই উদ্যোগ।”
এদিকে নতুন জেমস বন্ড সিনেমার অপেক্ষা ভক্তদের জন্য আরও দীর্ঘ হতে যাচ্ছে। পরিচালক দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তির সম্ভাবনা নেই। ফলে সেই অপেক্ষার সময় নেটফ্লিক্সে বন্ড সিনেমাগুলোর আগমন দর্শকদের আগ্রহ ও উত্তেজনা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- জেমস বন্ড
