ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’
×

‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের একটি দৃশ্য।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:২০

বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জীবন্ত দুই কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন। পারিবারিক সম্পর্কের মায়া-মমতায় ভর করা নতুন নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’-এ দেখা যাবে এই দুই গুণী শিল্পীকে।

নাটকটির প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় ও গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি টানা তিন দিনের শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে।

নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এখন প্রায় ৮০ শতাংশ প্রযোজক, চ্যানেল এমনকি দর্শকও চান পারিবারিক সম্পর্কের গল্প– যে গল্প দেখলে মন ভালো হয়ে যায়। এটা আমাদের নব্বই দশকের স্কুলিং। গত ২৪ বছর ধরে আমি পারিবারিক সম্পর্ক ও ভালোবাসার গল্পই করে আসছি। জামাল ভাই সব সময় এমন গল্প খোঁজেন, যেখানে শক্তিমান অভিনয়শিল্পীরা কাজ করবেন। গল্প বলার পর তিনি পছন্দ করেছেন। শান্তনু ভালো লেখে, আমি কী চাই সে বিষয়টা সে বোঝে। গল্প শিল্পীদের পাঠানো হলে সবাই পছন্দ করেন। খুব স্বাচ্ছন্দ্যে তিন দিনে শুটিং শেষ করেছি।’

নাটকটি নিয়ে আশাবাদী আবুল হায়াত। তিনি বলেন, ‘চয়নিকা একজন ভীষণ সচেতন ও বিচক্ষণ নির্মাতা। তাঁর নাটকের গল্পই সবচেয়ে বড় শক্তি। আর যারা কাজ করে সবাই আন্তরিকতা নিয়ে কাজ করে। ‘লাইফ ইজ বিউটিফুল’ নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগছে।’

ডলি জহুরও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘হায়াত ভাই বাংলাদেশের একজন সত্যিকারের জীবন্ত কিংবদন্তি অভিনেতা। তাঁর সঙ্গে বহু নাটক ও সিনেমায় কাজ করেছি– অনেক স্মৃতি জড়িয়ে আছে। সত্যি বলতে কী, হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করলে মনে হয় না আমরা শুটিং করছি। গল্পের ফাঁকে ফাঁকে কাজ হয়ে যায়। বুঝতেই পারি না কখন দৃশ্য শেষ হয়ে যায়। এত সুন্দর একটি গল্প বেছে নেওয়ার জন্য চয়নকে ধন্যবাদ। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস।’


 

আরও পড়ুন

×