ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০২৫-এ আলোচিত সাত হিন্দি ওটিটি সিরিজ

২০২৫-এ আলোচিত সাত হিন্দি ওটিটি সিরিজ
×

ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:২৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৩

ভারতীয় ওটিটি জগতের জন্য ২০২৫ সাল ছিল ভীষণ ব্যস্ত ও প্রতিযোগিতামূলক একটি বছর। একের পর এক নতুন প্ল্যাটফর্ম, অরিজিনাল কনটেন্ট আর টানা রিলিজের ভিড়ে দর্শকেরাও হয়ে উঠেছেন অনেক বেশি বাছাইপর্বে অভ্যস্ত। এসবের মধ্যেও কিছু সিরিজ আলাদা করে নজর কেড়েছে, তৈরি করেছে আলোচনা।

এ বছর ওটিটি দুনিয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন মনিকা পানওয়ার, মনোজ বাজপেয়ী, শবানা আজমি, জাইদীপ আহলাওয়াত, মো. জিশান আয়ুব, জাহান কাপুরের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। ২০২৫ সালে দর্শক গল্পে খুঁজেছেন গভীরতা ও বাস্তবতার ছোঁয়া। র‌্যাঙ্কিং ছাড়াই আউটলুকের বাছাই করা সাতটি হিন্দি ওটিটি সিরিজ নিয়ে আজকের এই আয়োজন।

‘ব্ল্যাক ওয়ারেন্ট’
বছরের শুরুতে (১০ জানুয়ারি) নেটফ্লিক্সে মুক্তি পায় বিক্রমাদিত্য মোতওয়ানে ও সত্যাংশু সিং পরিচালিত সিরিজটি। সুনীল গুপ্তের স্মৃতিকথা অবলম্বনে তৈরি এই জেলভিত্তিক সিরিজটি ক্ষমতা, শাসন ও মুক্তির জটিল সম্পর্ক তুলে ধরে। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা সিরিজের স্বীকৃতি পাওয়া ব্ল্যাক ওয়ারেন্ট ভারতীয় ওটিটিতে বাস্তবধর্মী ড্রামার নতুন মানদণ্ড স্থাপন করেছে। জাহান কাপুর ও রাহুল ভাটের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ও ‘পাতাল লোক– সিজন ২’-এর পোস্টার। ছবি: কোলাজ

‘পাতাল লোক– সিজন ২’
১৭ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া সিরিজটি নির্মাণ করেছেন অবিনাশ অরুণ ও প্রসিত রায়। নাগাল্যান্ডের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সিজন আরও গভীরভাবে ভারতের প্রান্তিক রাজনীতি ও ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করেছে। জাইদীপ আহলাওয়াতের হাতিরাম চৌধুরী চরিত্রটি আগের চেয়েও জটিল ও মানবিক। ভাষা, কাস্টিং ও অঞ্চলগত বাস্তবতার প্রতি যত্ন দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে।

‘ডাব্বা কার্টেল’
এটি ২৮ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। নারীকেন্দ্রিক এই অপরাধ সিরিজটি ক্ষমতা, শ্রম ও উচ্চাকাঙ্ক্ষার ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। শবানা আজমি, জ্যোতিকা, নিমিষা সাজয়ন ও শালিনী পাণ্ডের শক্তিশালী অভিনয় সিরিজটিকে করেছে ব্যতিক্রমী। শবানা আজমির অপরাধজগতের নেত্রী হিসেবে উপস্থিতি দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সব মিলে সিরিজটির জন্য ব্যপক প্রশংসা পেয়েছেন হিতেশ ভাটিয়া।

‘ডাব্বা কার্টেল’ ও ‘খাউফ’-এর পোস্টার। ছবি: কোলাজ

‘খাউফ’
এটি পরিচালনা করেছেন পঙ্কজ কুমার ও সূর্য বলাকৃষ্ণন। স্মিতা সিং রচিত মনস্তাত্ত্বিক হরর সিরিজটি নারী মানসিকতা ও পুরুষতান্ত্রিক ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা ভয়কে কেন্দ্র করে এগিয়ে গেছে। অ্যামাজন প্রাইমে    ১৮ এপ্রিল মুক্তি পাওয়া এ সিরিজের প্রধান শক্তি অভিনেত্রী মনিকা পানওয়ারের চরিত্র। তাঁর চরিত্রের দৃঢ়তা আর ধীরে ধীরে ভেঙে পড়ার মুহূর্তগুলো দর্শকের মনে অস্বস্তিকর প্রভাব ফেলে। টেকনিক্যাল দিকের জন্য সিরিজটি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডেও প্রশংসিত হয়। মনিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রজত কাপুর, অভিষেক চৌহান, গীতাঞ্জলি কুলকার্নি, শিল্পা শুক্লা, চুম দারাং প্রমুখ।

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর পোস্টর। ছবি: আইএমডিবি

‘দ্য ব্যাডস অব বলিউড’
এই সিরিজটি নির্মাণ করেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। বলা যায় বলিউডে অভিষেকেই বাজিমত করেছেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া সিরিজটি নির্মাণ হয়েছে বলিউডকে কেন্দ্র করে ব্যঙ্গ-আত্মসমালোচনার মিশেলে। এটি ছিল বছরের সবচেয়ে আলোচিত ও সাহসী প্রজেক্টগুলোর একটি। 
অভিনয় করেছেন ববি দেওল, লাখস, রাঘব জুয়াল, সহের বাম্বা, আনিয়া সিং প্রমুখ।

‘দ্য ফ্যামিলি ম্যান- সিজন ৩’
২১ নভেম্বর মুক্তি পায় সিরিজটি। এটি গুপ্তচরবৃত্তি ও পারিবারিক টানাপোড়েনের গল্পে নির্মিত। এছাড়া রাজনীতি, নৈতিকতা ও ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্ব এবার আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। মনোজ বাজপেয়ীর সাবলীল অভিনয় ছিল সিরিজের প্রাণ। জাইদীপ আহলাওয়াত ও নিমরত কৌরের উপস্থিতি প্রতিটি সংঘর্ষকে করে তোলে আরও তীব্র।

‘দ্য ফ্যামিলি ম্যান- সিজন ৩’ ও ‘রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব’-এর পোস্টার। ছবি: কোলাজ

‘রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাব’
৯ ডিসেম্বর সনিলাইভে মুক্তি পাওয়া সিরিজিটি নির্মাণ করেছেন রাজেশ মাপুসকার ও মহেশ মাথাই। কাশ্মীরের প্রথম পেশাদার ফুটবল ক্লাবকে কেন্দ্র করে এই সিরিজটি শুধু খেলাধুলার গল্প নয়, বরং আশা, পরিচয় ও একতার প্রতিচ্ছবি। মনব কৌল ও মো. জিশান আয়ুবের সংযত অভিনয় দর্শকের আবেগ ছুঁয়ে যায়।

২০২৫ সালের ওটিটি প্রেক্ষাপটে এই সাতটি সিরিজ প্রমাণ করেছে-শুধু বড় বাজেট নয়, শক্ত গল্প ও গভীর অভিনয়ই দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে।

আরও পড়ুন

×