‘পরকীয়ার জন্য স্বামীকে ছেড়ে এখন গল্প শোনাচ্ছে’- বললেন অভিনেতা
অভিনেতা হর্ষ ছায়া ও অভিনেত্রী শেফালি শাহ।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৯
ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০০০ সালে আলাদা পথে হাঁটেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ ও অভিনেতা হর্ষ ছায়া। সে সময় এই বিয়েবিচ্ছেদ ঘিরে বলিউড অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনাও হয়। শেফালি তখন হর্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন।
দীর্ঘদিন পর সেই পুরোনো প্রসঙ্গ সামনে এসেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে নাম না করে নিজের প্রাক্তন স্ত্রীকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন হর্ষ ছায়া। পোস্টটি কিছু সময় পর মুছে ফেলেন তিনি। তবে এর আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ওই পোস্টে হর্ষ লেখেন, ‘২৫-৩০ বছর আগের একটি ঘটনা। এক অভিনেতা দম্পতির বিচ্ছেদ হয়, যা সে সময় ব্যাপক চর্চার বিষয় ছিল। সেই দু’জনের একজন এই প্রসঙ্গ একেবারেই টানতে চান না। অথচ অন্যজন সুযোগ পেলেই বিচ্ছেদের কথা তুলে ধরে নিজের মতো করে গল্প বলেন—কেমন তার বৈবাহিক জীবন ছিল, প্রাক্তন স্বামী কতটা খারাপ ছিলেন ইত্যাদি! এমনকি বারবার শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়, যা আদৌ সত্য নয়।’
হর্ষ পোস্টে আরও লিখেন, বিয়েবিচ্ছেদের সময় ওই অভিনেত্রী এক পরিচালক-প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সে কারণেই দাম্পত্য জীবনে ভাঙন ঘটে।
এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকে প্রশ্ন করেন—হর্ষ কি তাহলে শেফালি শাহকে ইঙ্গিত করেছেন? কেউ কেউ মন্তব্য করেন, ‘এত বছর পরও কি পুরোনো সম্পর্কের কথা টেনে আনা প্রয়োজন?’ আবার কেউ লিখেন, ‘নিজের কাজের প্রচারে নিজেকে শক্তিশালী নারী হিসেবে তুলে ধরতে কি বারবার অতীতের গল্প বলতে হবে?’
উল্লেখ্য, শেফালি শাহ বর্তমানে পরিচালক-প্রযোজক বিপুল শাহের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। নেটিজেন বলছে, হর্ষের এই পোস্ট নতুন করে শেফালির ব্যক্তিগত জীবন ও অতীত সম্পর্ক নিয়ে আলোচনার আগুনে ঘি ঢেলেছে। সূত্র: মিড ডে
- বিষয় :
- বিনোদন নিউজ
- বলিউড
- বলিউড তারকা
