দখলে বছরের দুই হিট সিনেমা, হঠাৎ কেন ‘দৃশ্যম ৩’ ছাড়লেন অক্ষয় খান্না
অক্ষয় খান্না। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫১
বলিউডের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’–এর তৃতীয় কিস্তি নিয়ে বড় চমক। মুক্তির তারিখ ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা অক্ষয় খান্না। পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সোমবার ‘দৃশ্যম ৩’-এর প্রধান অভিনেতা অজয় দেবগন ঘোষণা করেন, সিনেমাটি নতুন বছরের ২ অক্টোবর মুক্তি পাবে। তার ঠিক পরেই এই প্রজেক্ট ছেড়ে দেওয়ার খবর আসে অক্ষয় খান্নার পক্ষ থেকে।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’–এর মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন অক্ষয় খান্না। এতে তিনি অভিনয় করেছিলেন আইজি তরুণ আহলাওয়াত চরিত্রে, যিনি টাবু অভিনীত মীরা দেশমুখের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। তাঁর অভিনয় দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল।
বলা চলে, ২০২৫ সাল অক্ষয় খান্নার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। বছরের শুরুতেই মুক্তি পায় ‘ছাবা’, যেখানে তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন ভিকি কৌশল। এরপর আসে আদিত্য ধর পরিচালিত সুপারহিট ছবি ‘ধুরন্ধর’। এতে তিনি অভিনয় করেন বাস্তব জীবনের লিয়ারি গ্যাংস্টারকে অবলম্বনে তৈরি চরিত্র রেহমান ডাকাত হিসেবে। বক্স অফিসে ‘ধুরন্ধর’ ও ‘ছাবা’ ২০২৫ সালের সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। এই দুই সিনেমার সফলতার মাঝেই ‘দৃশ্যম ৩’ ছাড়ার খবরে অবাক হয়েছেন অক্ষয় খান্নার ভক্তরা।
‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ালেও অক্ষয়ের হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। শিগগিরই তাকে দেখা যাবে তার প্রথম তেলুগু সিনেমা ‘মহাকালী’তে। এই সুপারহিরো সিনেমায় তিনি অভিনয় করবেন অসুরগুরু শুক্রাচার্য চরিত্রে। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- অক্ষয় খান্না
- বলিউড
