ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলিয়া-অনন্যার চেয়েও বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা

আলিয়া-অনন্যার চেয়েও বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা
×

শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৫:০৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৫:১০

আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা কাপুর–এমনই দাবি করেছেন তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়ায়, ‘স্ত্রী’খ্যাত অভিনেত্রী নাকি আলিয়া বা অনন্যার মতো নিয়মিত কাজ পাচ্ছেন না। সেই জল্পনার জবাব দিতে গিয়ে শক্তি কাপুর স্পষ্ট জানান, শ্রদ্ধা কাজের অভাবে নয় বরং বেছে বেছে সিনেমা করেন বলেই তাঁকে কম দেখা যায়।

শক্তি কাপুর বলেন, ‘ও এমনিতেই কম ছবিতে কাজ করে। যেটি করে, সেটিই যেন সেরা হয়–এই দিকেই ওর মনোযোগ। পারিশ্রমিকের দিক থেকেও ও আলিয়া বা অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেয়।’

এ কারণে শ্রদ্ধা কাজ পাচ্ছেন না–এমন ধারণাকে পুরোপুরি গুজব বলেই উড়িয়ে দেন তিনি। হাসতে হাসতে শক্তির মন্তব্য, ‘কী বলছেন? ও কাজ পাচ্ছে না?’

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবির ধরন ও বাজেটের ওপর নির্ভর করে শ্রদ্ধা কাপুর প্রতি সিনেমায় গড়ে ৭ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ ছবির জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে শোনা যায়।

মেয়ের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন শক্তি কাপুর। তাঁর মতে, শ্রদ্ধা খুবই জেদি এবং নিজের নীতিতে অটল। তাঁর কিছু নির্দিষ্ট মূল্যবোধ আছে, যেগুলো খুব কড়াভাবে অনুসরণ করে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো–কখনও ঝগড়া হয়, আবার কখনও ঘোরার পরিকল্পনা করি, সিনেমা নিয়েও অনেক আলোচনা হয়, বলেন তিনি। শক্তি কাপুরের কণ্ঠে ছিল গর্বের সুর–‘আমি সত্যিই ওর জন্য গর্বিত। ও খুব ভালো অভিনয় করে।’

‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্যের পর নতুন কাজ নিয়ে শ্রদ্ধার প্রতি দর্শক ও প্রযোজকদের আগ্রহ যে এখনও তুঙ্গে, তা বলাই বাহুল্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×