ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ মঞ্চায়ন

‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ মঞ্চায়ন
×

‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ কাব্যনাটক মঞ্চস্থ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ২০:৩২

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাঁর স্বপ্ন ছিল-নারীরা হবে স্বশিক্ষায় শিক্ষিত, আধুনিক মানসিকতার অধিকারী ও উন্নত জীবনের পথিকৃৎ। সেই বিপ্লবী কল্পনাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন তাঁর সাহিত্যকর্মে। এই মহীয়সীর অদম্য স্পৃহা ও দূরদর্শী চিন্তা এবার কবিতার ছন্দ, সুরের মূর্ছনা ও কণ্ঠাভিনয়ের জাদুতে উঠে এলো ঢাকার মঞ্চে।

‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ শিরোনামের এই কাব্যনাটকটি মঞ্চস্থ হয় শুক্রবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে। হলভর্তি দর্শক উপভোগ করেন প্রায় এক ঘণ্টা ত্রিশ মিনিটের এই প্রযোজনা।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন নার্গিস সুলতানা। পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন তিনি। আবহসংগীত করেছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার।

বেগম রোকেয়াকে নিয়ে ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে নির্দেশক নার্গিস সুলতানা বলেন, “বেগম রোকেয়ার সাহসী ও ক্ষুরধার লেখনী এবং তাঁর দূরদর্শী চিন্তা-চেতনা ও দর্শনই আমাদের ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ প্রযোজনার মূল ভিত্তি। তাঁর অমিয় বাণীকে পাথেয় করে আমরা কাব্য ও নাট্যের মাধ্যমে সমাজে নারীর বর্তমান অবস্থান এবং তাঁর স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে আলোকপাতের চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “শত বছর পর এই তথাকথিত প্রগতিশীল সমাজে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, আজকের সুলতানারা কেমন আছেন? রোকেয়ার স্বপ্ন কতখানি বাস্তবে রূপ নিয়েছে? আজকের নারী কি সত্যিই ‘অবাধী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে, নাকি এখনও অধিকার ও অস্তিত্বের লড়াইয়েই ব্যস্ত?’ এসব প্রশ্নের উত্তরই এই কাব্যনাটকে অনুসন্ধান করা হয়েছে।”

নার্গিস সুলতানা বলেন, “কবিতার বলিষ্ঠ উচ্চারণ ও শ্রুতিনাট্যে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। বেগম রোকেয়ার সুলতানারা সমাজকে নতুন আলোর প্রান্তে নিয়ে যেতে পেরেছেন কি না, নাকি শত প্রতিকূলতায় তাঁরা স্বপ্ন দেখা ও স্বপ্নে বাঁচতে ভুলে গেছেন।’

যেসব নারী মহীয়সীর স্বপ্নের পৃথিবীকে বাস্তবে রূপ দিতে আজও সংগ্রামে সোচ্চার, তাঁদের উদ্দেশেই এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে বলে জানান তিনি।

সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফর্ম ‘লেখার পোকা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কাব্যনাট্যে আবৃত্তি, শ্রুতিকথন ও অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র এবং নার্গিস সুলতানা।

আরও পড়ুন

×