ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালমানের জন্মদিনে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন

সালমানের জন্মদিনে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৪:০১

একসময় বলিউডের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটির তালিকায় শীর্ষেই ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ—এই দুই নাম। পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাঁদের সম্পর্ক ঘিরে ছিল অসংখ্য আলোচনা, জল্পনা আর প্রত্যাশা। এমনও শোনা গিয়েছিল, সেই প্রেম একসময় বিয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তবে বাস্তবে সেই সম্পর্ক পরিণতির মুখ দেখেনি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কাইফ রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই অধ্যায়ও স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন ক্যাটরিনা। বর্তমানে তিনি ভিকির সন্তানের মা—ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ নতুন এক সুখী অধ্যায়ে রয়েছেন অভিনেত্রী।

তবে সময় বদলালেও, সম্পর্কের সমীকরণ পাল্টালেও কিছু অনুভূতি যে থেকে যায়—সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসার স্মৃতি। তা ফের একবার প্রমাণ করলেন ক্যাটরিনা কাইফ।

শনিবার ছিল বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও অগণিত অনুরাগীর ভালোবাসায় ভাসছে ‘ভাইজান’-এর বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যার মাঝেই নজর কাড়ে একটি বার্তা—প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের।

সশরীরে উপস্থিত থাকতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান ক্যাটরিনা। বরাবরের মতোই তাঁকে ‘টাইগার’ নামেই সম্বোধন করেন তিনি। ক্যাটরিনা লেখেন, ‘টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক শুভেচ্ছা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’

এই সংক্ষিপ্ত অথচ হৃদয়ছোঁয়া বার্তাটি মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়ে। অনেকেই একে দেখছেন প্রাক্তন সম্পর্কের পরেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের এক সুন্দর উদাহরণ হিসেবে।

প্রসঙ্গত, বলিউডে ক্যাটরিনা কাইফের অভিনেত্রী হিসেবে পথচলা অনেকটাই সহজ হয়েছিল সালমান খানের হাত ধরেই—এ কথা নিজেও বহুবার স্বীকার করেছেন তিনি। নবাগতা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের কঠিন সময়ে সালমানকে পাশে পেয়েছেন ক্যাটরিনা। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ও সফল ছবি।

 

আরও পড়ুন

×