ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়নার সাফল্যের পর তারা আসছেন ‘ও জান’ নিয়ে

ময়নার সাফল্যের পর তারা আসছেন ‘ও জান’ নিয়ে
×

কোনাল, আসিফ ইকবাল ও নিলয় ডি রকস্টার।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:১৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:২০

চলতি বছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় গান ‘ময়না’। গত ২৯ জুলাই প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতার মাঝে ব্যাপক সাড়া ফেলে। কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। সিনেমাটিক আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। বর্তমানে গানটির ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে।  উল্লেখযোগ্য বিষয় হলো– এটি ছিল ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা দিয়ে প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিও নির্মাণে নতুন মাত্রা যোগ করে।

প্রথম গানের এই বিপুল সাফল্যের ধারাবাহিকতায় এবার একই টিম নিয়ে নতুন গান নিয়ে আসছে গানচিল মিউজিক। নতুন গানটির শিরোনাম ‘ও জান’। আগের মতোই এই গানেও কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সংগীতায়োজনের জায়গায় এসেছে পরিবর্তন– নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির।

গানটির ভিডিও নির্মাণ করছেন আগের মতোই তানিম রহমান অংশু। নতুন বছরের ভালো কোনো সময় গানটি প্রকাশ করা হবে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান।

নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। আর ‘ও জান’ হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কি, মিউজিক ও ভিডিও– সবকিছুতেই নতুন সংযোজন থাকবে। পাশাপাশি গানচিল মিউজিক ভিডিও নির্মাণে যে নতুন মাত্রা যোগ করেছে, সেটিও দর্শকরা এবার দেখতে পাবেন। আমার বিশ্বাস, নতুন গানটি দর্শক-শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।”

এর আগে ‘সিনেমার প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’-র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এসব গানের গীতিকারও ছিলেন আসিফ ইকবাল। তাঁর লেখা ‘ময়না’ গানটি শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নতুন গানটি নিয়ে কোনাল বলেন, “ময়না গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই বলেছিলাম, এটি জনপ্রিয়তা পাবে– আর সেটাই হয়েছে। গানটি ছিল একেবারে ভিন্ন ধাঁচের একটি নাচের গান। আসিফ ইকবাল ভাই রোমান্টিক কথায় গান লেখায় সত্যিই অনবদ্য। ‘ও জান’ গানটি গাওয়ার সময়ই বুঝেছিলাম, এটি দর্শকদের নাড়া দেবে। আমার বিশ্বাস, গানটি অতীতের সব গানের রেকর্ড ভেঙে দেবে।”

কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার বলেন, আসিফ ইকবাল ভাই রোমান্টিক গান অসাধারণভাবে লেখেন। তাঁর লেখা ‘ময়না’ ছিল ড্যান্স নম্বার গান, যেটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার তাঁর লেখা ভিন্ন রকম এক রোমান্টিক গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস, এই গানটিও আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবে।”

জানা গেছে, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। বরাবরের মতো এবারও ভিডিওতে থাকছে সিনেমাটিক চমক। নির্মাতা জানান, গানটির শুটিং হচ্ছে এমন একটি লোকেশনে, যেখানে এর আগে বাংলাদেশের কোনো সিনেমা বা নাটকের শুটিং হয়নি। গানটিতে মডেল হিসেবেও দুইজন অতিপরিচিত মুখের উপস্থিতি থাকবে। গানটি প্রকাশ্যে এলেই দর্শকরা সেই চমক জানতে পারবেন বলে জানান তিনি।
 

আরও পড়ুন

×