তিন প্রজন্মের গল্প বলবে ‘পরম্পরা’
সংবাদ সম্মেলনে সহশিল্পীদের সঙ্গে অভিনেত্রী ডলি জহুর। ছবি: সমকাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫:১৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৪
পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকারসহ একঝাক তারকা।
সোববার দুপুরে দীপ্ত টিভির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতা আশিস রায় জানান, ‘পরম্পরা’ মূলত তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক আখ্যান। নাটকটি আগামী ৩ জানুয়ারি থেকে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।
তিনি বলেন, ‘ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়।’
এক ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মাঝেই সবাই উপলব্ধি করে-সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্য দিয়েই এগিয়ে যায় ‘পরম্পরা’র গল্প।
নাটকে নিজের চরিত্র নিয়ে ডলি জহুর বলেন, ‘নির্মাতা আশিস রায় যখন কোনও কাজের জন্য আমাকে প্রস্তাব দেন তখন কোনও দিকে না তাকিয়েই আমি রাজি হয়ে যাই। এবারও তাই হয়েছে। এই নাটকে সবচেয়ে প্রবীণ মানুষটির চরিত্রে আমি অভিনয় করেছি। এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন। বাকীটা দর্শক বিচার করবেন।’
ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার ছাড়াও এতে অভিনয় করেছেন শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগীতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, হেড অফ ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম, এজিএম মারিয়াম হক, লেখক আহমেদ খান হীরক, 'পরম্পরা'-র কলাকুশলী, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আগামী ৩ জানুয়ারি হতে শনি-বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।
- বিষয় :
- ডলি জহুর
