ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫০ বছর ধরে অমিতাভের ছায়াসঙ্গী কে সেই দীপক

৫০ বছর ধরে অমিতাভের ছায়াসঙ্গী কে সেই দীপক
×

অমিতাভ বচ্চন ও দীপক সাবন্ত। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৪:১০ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৪:৩৫

৫৫ বছরের অভিনয়জীবনে অমিতাভ বচ্চন ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় তার জীবনে একজন অবিচ্ছেদ্য সঙ্গী রয়েছেন, যার নাম দীপক সাবন্ত। অমিতাভের কর্মজীবনের প্রায় পাঁচ দশক ধরে তিনি ছিলেন অভিনেতার ছায়াসঙ্গী।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র চলতি মৌসুমের শেষ দিনে নিজের মেকআপ আর্টিস্ট দীপক সাবন্তের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন অমিতাভ।

বিগ বি জানান, কীভাবে টানা ৫০ বছর তার পাশে থেকেছেন দীপক। এমনকি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলেও সব কষ্ট বুকে চেপে অমিতাভের পাশে দাঁড়িয়েছেন তিনি, যেন এক নীরব প্রহরী।

অমিতাভ বলেন, ‘এই ৫০ বছরে আমি ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছি। এমন এক দিনও হয়নি, যেদিন আমার সঙ্গে দীপক ছিল না। পৃথিবীর যে প্রান্তেই আমি শুটিং করেছি, ঠিক সময়মতো সে সেখানে পৌঁছে গেছে।’

সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল দীপকের ব্যক্তিগত জীবনের এক দুঃসময় নিয়ে অমিতাভের কথা। তিনি জানান, দীপকের ভাই মারা যাওয়ার মাত্র তিন দিনের মাথায়ও দীপক কাজে ফিরে এসেছিলেন। তার কাছে পেশাগত দায়িত্বই ছিল সবার আগে।

অমিতাভের ভাষায়, ‘দীপকের এই মানসিকতা, এই শৃঙ্খলা ও নিষ্ঠা আজকের দিনে বিরল উদাহরণ, যা সত্যিই নতুন প্রজন্মের জন্য এক বড় শিক্ষা।’

অমিতাভের এমন প্রশংসায় আপ্লুত দীপক সাবন্তও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘স্যার আমাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন। এত নম্র ও ভালো মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্যও সৌভাগ্যের।’

২০২২ সালে বলিউড এমডিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক সাবন্ত জানান, প্রায় ৫০ বছর আগে তিনি প্রথম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। প্রথমে তিনি কাজ করেন রাজেশ খান্নার প্রোডাকশনে, এরপর দিলীপ কুমারের ছবিতে এবং পরে রাজ খোসলার প্রোডাকশনে অমিতাভ বচ্চনের সঙ্গে যুক্ত হন।

দীপক সাবন্ত শুধু মেকআপ আর্টিস্ট নন। তিনি ক্যামেরার পেছনেও কাজ করেন। তার উপস্থিতি লক্ষ করা যায় অমিতাভ বচ্চনের বিভিন্ন শুটিং, অনুষ্ঠান, টিভি শো, এবং চলচ্চিত্রেও। সূত্র: হিন্দুস্থান টাইমস ও আনন্দবাজার

আরও পড়ুন

×