ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অক্ষয়ের স্বপ্নের প্রজেক্টে রানি, কবে শুরু হচ্ছে শুটিং

অক্ষয়ের স্বপ্নের প্রজেক্টে রানি, কবে শুরু হচ্ছে শুটিং
×

অক্ষয় কুমার ও রানি মুখার্জি। ছবি: কোলাজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৫:৪৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৮:০৫

বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’ এবার আরও বড় আকারে ফিরছে। নতুন খবর হল- ‘ও মাই গড-৩’ সিনেমায় নাকি অক্ষয় কুমারের সঙ্গে যুক্ত হয়েছেন রানি মুখার্জি, যা  বর্তমান সময়ের অন্যতম বড় কাস্ট হিসেবে দেখা হচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পিঙ্কভিলা।

সূত্রের দাবি, ‘ও মাই গড’ অক্ষয় কুমারের স্বপ্নের ও সবচেয়ে প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। তৃতীয় কিস্তিতে রানি মুখার্জির যোগ দেওয়া গল্পে নতুন কিছু বয়ে আনবে।

শোনা যাচ্ছে, পরিচালক অমিত রাই এমন একটি গল্প তৈরি করেছেন, যা আগের দুই কিস্তির তুলনায় আরও বড়, সময়োপযোগী ও প্রভাবশালী হবে। সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ শুটিং ফ্লোরে যাওয়ার কথা।

সূত্রটি জানায়, অক্ষয় শুরু থেকেই চেয়েছিলেন, ‘ওএমজি ৩’ যেন গল্প, আবেগ ও অভিনয়- সব দিক থেকেই আগের ছবিগুলোর চেয়ে বড় হয়। রানি মুখার্জির অন্তর্ভুক্তিতে সেই লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে।

এর আগে ‘ও মাই গড’ এবং ‘ও মাই গড ২’ বিপুল সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তিতে আবারও পরিচালক অমিত রাইয়ের সঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার। সামাজিক বার্তা ও বিনোদনের মেলবন্ধনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে।

ছবির নির্মাতাদের তরফে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। সূত্র: পিঙ্কভিলা

আরও পড়ুন

×