১৭ নাট্যকর্মী পাচ্ছেন এথিক তারুণ্য সম্মাননা
নাট্য সংগঠন এথিক-এর লোগো
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৯:০৫
মঞ্চ নাটকে তরুণদের অবদানকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে নাট্য সংগঠন এথিক এবার দেশের ১৭টি নাট্য সংগঠনের ১৭ জন তরুণ নাট্যকর্মীকে এথিক তারুণ্য সম্মাননা ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আসছে ৯ জানুয়ারি সন্ধ্যায় বেইলি রোডস্থ মহিলা সমিতি মঞ্চে এক অনুষ্ঠানে এথিক তারুণ্য সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
এবার যারা এথিক তারুণ্য সম্মাননা পাচ্ছেন, তারা হলেন– রাশেদুর রহমান [থিয়েটার], মাহফুজ আহাম্মদ জেনি [প্রাচ্যনাট], ইফতি আহমেদ [তাড়ুয়া), সঞ্জয় হালদার [বাতিঘর থিয়েটার], নাঈম হাসান নিশাদ [দেশ নাটক], রানা সিকদার [থিয়েটার আর্ট ইউনিট], বাঁধন সরকার [প্রাঙ্গণেমোর], সাজ্জাদ হোসেন নিসাদ [পালাকার], নাফিজা তাসনিম খানম তিশা [বটতলা], আবির সায়েম [অনুস্বর], আশা আক্তার [থিয়েটার ফ্যাক্টরি], তনুশ্রী কারকুন [তীরন্দাজ রেপার্টরি], রাজীব দেব [বিবেকানন্দ থিয়েটার], আফরোজা বিথি [দৃশ্যকাব্য], সুমাইয়া শিশির [স্বপ্ন দল], সৈকত শরীফ [বাংলাদেশ থিয়েটার] ও তানজিদ ইসলাম শুভ [পদাতিক নাট্য সংসদ]।
৯ জানুয়ারি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ডিরেক্টরস গিল্ডের সভাপতি নাট্যজন শহীদুজ্জামান সেলিম, বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা, বিশিষ্ট অভিনেত্রী ও সংগঠক ত্রপা মজুমদার।
সভাপতিত্ব করবেন এথিক-এর সভাপতি, নাট্যকার ও নির্মাতা রেজানুর রহমান। এথিক-এর সভাপতি রেজানুর রহমান বলেন, ‘মঞ্চ নাটককে এগিয়ে নিতে তরুণদের নিরলস শ্রম ও সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এথিক তারুণ্য সম্মাননার মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতিশীল নাট্যকর্মীদের উৎসাহ দিতে চাই, যারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে নাট্যচর্চাকে সমৃদ্ধ করছেন। ভবিষ্যতেও তরুণদের পাশে থেকে এথিক এই উদ্যোগ অব্যাহত রাখবে।’
উল্লেখ্য, এবার পঞ্চম বারের মতো এথিক তারুণ্য সম্মাননা প্রদান করা হচ্ছে।
