ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুবলী-তুষি-মারিয়া ও সিগ্ধাদের নিয়ে ‘প্রেশার কুকার’

বুবলী-তুষি-মারিয়া ও সিগ্ধাদের নিয়ে ‘প্রেশার কুকার’
×

বুবলী, তুষি, মারিয়া ও সিগ্ধা চৌধুরী। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৫:৩৭

এ সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। প্রতিটি নতুন কাজেই নিজের অতীত কাজকে ছাড়িয়ে যাওয়া নির্মাতা তিনি। তাই ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নির্মাতা বলতে এখন রাফীর দিকেই আঙুল ওঠে। প্রেক্ষাগৃহে মুক্তির দিক দিয়ে গেল বছরের ঈদুল আজহায় তাঁর সর্বশেষ সিনেমা মুক্তি পায়। শাকিব খান অভিনীত তাণ্ডব সে সময় দারুণ আলোচিত হয়। এরপর ওটিটিতে তাঁর সিনেমা মুক্তি পেলেও নতুন বছরে ঈদুল ফিতরে তাঁর কোনো সিনেমা মুক্তি পাচ্ছে কিনা তা নিয়ে ছিল প্রশ্নবোধক। এবার তার পাওয়া গেল।

 ইতোমধ্যে ঈদুল ফিতরের মুক্তির প্রত্যাশায় লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় নেমেছেন রাফী। তবে এবার একটু ব্যতিক্রমী পথে হাঁটছেন তিনি। আসছেন নারীপ্রধান গল্প নিয়ে। সূত্রের খবর, রায়হান রাফীর পরবর্তী সিনেমার নাম ‘প্রেশার কুকার’। 

ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ– প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তিন শক্তিশালী অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্তকে। তাদের সঙ্গে আরও আছেন সিগ্ধা চৌধুরী।

চলচ্চিত্রে শবনম বুবলী ও নাজিফা তুষির সাফল্যের কথা সবারই জানা। মারিয়ার এটি অভিষেক সিনেমা হতে যাচ্ছে। সাড়ে চার বছরের ক্যারিয়ার এই মডেল ও অভিনেত্রী ক্যারিয়ারের প্রথম দিকে বহু ফ্যাশন হাউসের মডেল হয়েছেন। পাশাপাশি ২০টির মতো টিভিসিতে কাজ করেছেন। ২০২৩ সালের মাঝামাঝি এবার অভিনয় শুরু করেন নাটকে। মেহেদী হাসান হৃদয়ের ‘লাফাঙ্গা’ নামের ওই নাটকটিতে মুশফিক আর ফারহানের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। 

‘প্রেশার কুকার’ সিনেমাটির নামেই ইঙ্গিত দেয় এটি শুধু একটি বস্তু নয়, প্রতীকী চিত্র কেবল। নারীর জীবনসংগ্রাম, সমাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন আর ভেতরে জমে থাকা না-বলা কথার বিস্ফোরণ– সবকিছুর রূপক হিসেবেই গল্পে উঠে আসবে এই ‘প্রেশার কুকার’। সিনেমাটির টিম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, সিনেমাটিতে তিন ভিন্ন শ্রেণি ও ভিন্ন মানসিকতার নারীর গল্প এক সুতোয় গাঁথা হবে, যেখানে প্রত্যেকের জীবনেই আছে আলাদা আলাদা চাপ ও সংঘাত।

নির্মাতা রায়হান রাফী বরাবরই সমসাময়িক সামাজিক বাস্তবতাকে নাটকীয় ও দর্শকবান্ধব ভাষায় পর্দায় তুলে ধরতে স্বচ্ছন্দ। ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’-এর মতো কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, মূলধারার সিনেমাতেও শক্ত গল্প বলা যায়। ‘প্রেশার কুকার’ সেই ধারাবাহিকতারই আরেকটি সাহসী সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সিনেমাটির শুটিং ইতোমধ্যে ঢাকায় পুরোদমে শুরু হয়েছে। জানা গেছে, নাজিফা তুষি ও মারিয়া শান্ত শুরু থেকেই নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন। অন্যদিকে শবনম বুবলী গতকাল (৫ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে অংশ নিয়েছেন। 

এদিকে সিনেমার একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে নানা আলোচনা। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। তবে কে থাকছেন তা নিশ্চিত করে কিছুই জানা যায়নি এখন। 

এ বিষয়ে জানতে পরিচালক রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে এড়িয়ে যান তিনি। তবে সরাসরি না শব্দও বলে নিই। ফলে প্রেশার কুকার নিয়ে তিনি যে মাঠে নামছেন, তার ইঙ্গিত মিলে তাঁর কথায়। অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইলেন না। শুধু বললেন, এমন কিছু হলে সিনেমার পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সব জানানো হবে।

কিছুদিন আগে ওটিটিতে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত সিনেমা নূর। এতে জুটি হয়ে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও ঐশী। এরপর ‘অমীমাংসিত’ নামে একটি ওয়েব ফিল্মও মুক্তি পায় তাঁর পরিচালনায়। তবে দুটি কাজের কোনোটিই তেমন আলোচিত হয়নি। বড় পর্দার রাফীকে খুঁজে পাওয়া যায়নি। 
 
 

আরও পড়ুন

×