বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিথ্যে কথার শহরে’
‘মিথ্যে কথার শহরে’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৬:০০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৬:০৭
বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিথ্যে কথার শহরে’। আগামী ১০ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের ভেন্যু মধুবন সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।
‘মিথ্যে কথার শহরে’ পরিচালনা ও প্রযোজনা করেছেন আনন্দ কুটুম। ভারতের কলকাতায় নির্মিত এ চলচ্চিত্র একটি ইন্দো–বাংলা যৌথ প্রযোজনা। এতে দুই বাংলার সংস্কৃতি, অনুভূতি ও নগরজীবনের এক সূক্ষ্ম সংলাপ তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির বিশেষত্ব এর দৃষ্টিভঙ্গিতে। পুরো গল্পটি বলা হয়েছে একজন ভ্রমণকারী ফটোগ্রাফারের চোখ দিয়ে-যেখানে শহর নিজেই হয়ে উঠেছে একটি চরিত্র। কলকাতা এখানে শুধু লোকেশন নয়; বরং স্মৃতি, আকাঙ্ক্ষা ও বিভ্রমের এক জীবন্ত মানচিত্র। এই শহর কথা বলে, প্রশ্ন তোলে, আবার সত্য লুকিয়েও রাখে।
একজন বাংলাদেশি তরুণ আলোকচিত্রীর। ভ্রমণের টানে তিনি কলকাতায় যান-একজন পর্যবেক্ষক ও ট্রাভেলার হিসেবে। তার ক্যামেরার লেন্সে ধরা পড়ে শহর ও মানুষের নানা মুখ। আর এই দেখার মধ্যেই তিনি প্রেমে পড়েন এক রহস্যময় নারীর। এই প্রেম কেবল আবেগের নয়, এটি এক ধরনের অনুসন্ধান। ভালোবাসা তাকে ধীরে ধীরে নিয়ে যায় এক অদ্ভুত সত্যের দিকে, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায়। মেয়েটিকে খুঁজে পাওয়ার পর ঘটে এমন এক অপ্রত্যাশিত ঘটনা, যা দর্শককে টেনে নেয় মানসিক দ্বন্দ্ব ও রহস্যের গভীরে। এমন- গল্পে এগিয়ে যায় ‘মিথ্যে কথার শহরে’ সিনেমাটি।

এ সিনেমায় অভিনয় করেছেন জীবন রয় (বাংলাদেশ), দীপান্বিতা (ভারত) ও অভিজিত রায় (ভারত)। এছাড়া দুই বাংলার আরও বেশ কয়েকজন শিল্পীকে দেখা যাবে বিভিন্ন চরিত্রে।
নির্মাতা আনন্দ কুটুম জানান, এটি মূলত শহরের ভেতর হারিয়ে যাওয়া মানুষের গল্প। এতে প্রেম আছে, তবে তা সরল নয়; রহস্যও আছে, যা কেবল গল্পের নয়—মানুষের মনোজগতের। ‘মিথ্যে কথার শহরে’ মূলত সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শহরের গল্প।
আনন্দ কুটুম বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমার একটি চলচ্চিত্র কোনো উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে—এটা আরও ভালো লাগার বিষয়। সমকালীন ইন্দো–বাংলা স্বাধীন চলচ্চিত্র ধারায় “মিথ্যে কথার শহরে” একটি দারুণ সংযোজন, যা দর্শককে শুধু গল্প দেখায় না, বরং অনুভব করতে শেখায়।’
- বিষয় :
- সিনেমার খবর
- সিনেমা
