আজীবন সম্মানায় ভূষিত হলেন গীতিকবি আসিফ ইকবাল
গীতিকার আসিফ ইকবাল। কোলাজ: সমকাল।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৪:০৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৪:১১
বাংলাদেশের কর্পোরেট জগতের অন্যতম পরিচিত ও সম্মানিত নাম আসিফ ইকবাল। কর্পোরেট পেশাজীবনের পাশাপাশি গীতিকবি, শিক্ষক ও সংগঠক হিসেবেও তিনি সমানভাবে আলোচিত ও প্রশংসিত। তিন দশকেরও বেশি সময়জুড়ে বহুমাত্রিক ক্যারিয়ারে তিনি রেখে চলেছেন উল্লেখযোগ্য অবদান।
গতকাল চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে সংস্কৃতি, নেতৃত্ব, শিক্ষা ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আসিফ ইকবালকে প্রদান করা হয় ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড -সোল অব ক্রিয়েটিভ এক্সেলেন্স’। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

মনোজ্ঞ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম (আইবিএফ) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, বিজিএমইএর সাবেক সহসভাপতি এস এম আবু তৈয়ব; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদূর রহমান এবং পিএইচপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন সংগীতাঙ্গনের আরেক গুণী ব্যক্তিত্ব নকিব খান। যাঁর হাত ধরে সংগীতে পথচলা শুরু, যাঁর স্নেহ ও অনুপ্রেরণায় কর্পোরেট জীবনের পাশাপাশি সৃজনশীলতায় এগিয়ে যাওয়া— সেই নকিব খান আসিফ ইকবালের অসংখ্য গীতিকবিতায় সুরের প্রাণ দিয়েছেন এবং গানগুলোকে জনপ্রিয় করে তুলেছেন। তার সঙ্গে একমঞ্চে এমন অর্জনকে জীবনে চলার পথের দারুণ সংযোজন হিসেবেই দেখছেন আসিফ ইকবাল।
সম্মাননা প্রাপ্তির পর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ ইকবাল বলেন, এ স্বীকৃতি তাঁর জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি তাঁর জন্মস্থানের পক্ষ থেকে পাওয়া সম্মান। তিনি কন্টেন্ট ক্রিয়েটরস অ্যাওয়ার্ড আয়োজনের আহ্বায়ক মিস রওশন আরা চৌধুরী, আয়োজক মিডিয়াগ্রাফির প্রতিষ্ঠাতা মিল্টন দাশ বিজয় এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, এ সম্মাননা তাঁকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং চট্টগ্রামসহ দেশের জন্য ভবিষ্যতে আরও বড় ও ইতিবাচক কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
- বিষয় :
- আসিফ ইকবাল
- গীতিকার
