রায়হান খানের ‘ট্রাইব্যুনালে’ যুক্ত হলেন তারিক আনাম খান
ট্রাইব্যুনাল সিনেমায় তারিক আনাম। ছবি: নির্মাতার সৌজন্যে।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১৭:১৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১৮:২৮
২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই সময়ের ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই সত্য ঘটনা কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটি নির্মাণ করছেন সিনেমাটোগ্রাফার, রাইটার ও নির্মাতা রায়হান খান।
রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। তাঁর চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পরে হইচই-তে তাঁর বানানো ‘দৌড়’ সিরিজটি প্রশংসা অর্জন করে।
নির্মাতা বলছেন, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী কোর্টরুম ড্রামা। নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া, ন্যায়বিচারের জন্য নীরব লড়াই সবকিছুকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’।

সিনেমাটিতে প্রধান চার চরিত্রে থাকছেন চার অভিনেত্রী। তারা হলেন– নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ এবং সায়রা আক্তার জাহান। এই নায়িকাদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দেন। নতুন খবর হচ্ছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। এতে তাঁর চরিত্রের নাম গিয়াস। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হচ্ছে সিনেমাটির শেষ অংশের শুটিং। এতেই অংশ নিয়েছেন তারিক আনাম খান।

সিনেমাটি নিয়ে তারিক আনাম খান বলেন, ‘রায়হান খান তো আমাদের ইন্ডাস্ট্রির একজন সম্পদ। তাঁর ক্যামেরায় বহু ভালো ভালো কাজ হয়েছে। তাঁর লেখা মৃধা বনাম মেধাতেও আমি ছিলাম। দারুণ দারুণ গল্প নিয়ে কাজ করে সে। আর সিনেমাটোগ্রাফার হিসেবে তো সে অতুলনীয়। তাঁর প্রথম নির্মিত সিনেমা ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। সিনেমাটির গল্প অসাধারণ। চট্টগ্রামে ঘটে যাওয়া বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমাটি এমন এক হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার গল্প বলে, যা একসময় ভাইরাল হলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছিল অসংখ্য অজানা সত্যের ভিড়ে। সিনেমাটি মূলত দেশের সেই সব নারীদের কণ্ঠস্বর, যাদের গল্প কখনও শিরোনাম হয় না। সব মিলিয়ে দারুণ একটি গল্পের কাজ হচ্ছে ট্রাইব্যুনাল।’

নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এরই মধ্যে সিনেমাটির ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে। শিগগির সিনেমাটির শেষ অংশের শুটিংয়ে যাবে ট্রাইব্যুনাল টিম। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমা প্রমুখ। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
ঢাকাই শোবিজের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান। বছরজুড়েই সিনেমা, ওটিটি ও নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। ২০১৪ সালে ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে এবং ২০২০ সালে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
- বিষয় :
- তারিক আনাম খান
- নতুন সিনেমা
