ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন গান ও কনসার্ট দিয়ে ২৪ বছর উদযাপন করবে চিরকুট

নতুন গান ও কনসার্ট দিয়ে ২৪ বছর উদযাপন করবে চিরকুট
×

চিরকুট ব্যান্ড। ছবি: ফেসবুক

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১৪:২১

ব্যান্ড ‘চিরকুট’ তাদের পথচলার দুই যুগে পা রেখেছে। নতুন গান ও কনসার্ট দিয়ে দলটি তাদের ২৪ বছর উদযাপন করবে বলে জানিয়েছে। সংগীতাযাত্রার এই দীর্ঘ সময়ে শুক্রবার দলটি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ড হিসেবে সম্মাননা গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে ‘চিরকুট’ জানিয়েছে, গেল বছর তাদের প্রকাশ পাওয়া ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা দলের পুরস্কার পায় দলটি। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি।

পুরস্কার পাওয়ার খবরে অনুভূতি প্রকাশ করে সুমি বলেন, “২০২৫ সালে দশটি নতুন গান নিয়ে রিলিজ হওয়া ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মান দেওয়া হয়েছে আমাদের। নিজেদের কথা-সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে আমাদের ২৪ বছর যাত্রায় এ অর্জনটুকু আরও বেশি করে অনুপ্রেরণা হয়ে থাকুক চিরকুটের প্রত্যেকের জীবনে।’’

‘চিরকুট’ ব্যান্ড দলের সদস্যরা। ছবি: ফেসবুক

ব্যান্ডটির দুই যুগের যাত্রা নিয়ে সুমি বলেন, ‘চিরকুট সবসময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা করেছে। এর ফলে অনেক মিউজিশিয়ানের আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট। পাশাপাশি মানুষের আনন্দ-বেদনায়, সংগ্রামে আমাদের গান যখনই বেজেছে আমরা অনুপ্রাণিত ও গর্বিত হয়েছি। দেশের বাইরে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সঙ্গে এককাতারে দাঁড়িয়ে বাংলা গান গেয়েছি আমাদের চোখ ভিজেছে দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায়। সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থেকে যেতে চাই।’’

দলটি জানিয়েছে, নতুন বছরে নিজেদের পঞ্চম অ্যালবাম নিয়ে কাজ করেছে চিরকুট। নিয়মিত দেশে ও বিদেশে কনসার্টেও যুক্ত থাকবে বছরজুড়ে। এছাড়া আগামী বছর চিরকুটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

চিরকুটের বর্তমান লাইনআপে রয়েছে শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রোডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত (ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) ও ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)। 
 

আরও পড়ুন

×