ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাসরিন থাকলে সেই সিনেমায় অভিনয় করব না, কেনো জানিয়েছিলেন দিলদার

নাসরিন থাকলে সেই সিনেমায় অভিনয় করব না, কেনো জানিয়েছিলেন দিলদার
×

দিলদার ও নাসরিন। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ১৬:১১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১৬:১৯

ঢাকাই সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে চাঁদপুরে জন্ম নেওয়া এই অভিনেতা রুপালি পর্দায় তিন দশকের বেশি সময় ধরে দর্শকের মুখে হাসি ফোটিয়েছেন। তার অভিনয়ে দুঃখ ভুলেছে কোটি মানুষ। মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন দর্শকের স্মৃতি ও ভালোবাসায়।

পর্দায় সব সময়ই হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দিলদার জনপ্রিয়তায় অনেক নায়ককেও ছাড়িয়ে গিয়েছিলেন। দর্শকের কাছে তিনি ছিলেন নিখাদ বিনোদনের নাম। তবে পর্দার আড়ালে ছিলেন ভীষণ দৃঢ়চেতা ও জেদি—যার একটি দৃষ্টান্ত পাওয়া যায় মালেক আফসারী পরিচালিত ‘লাল বাদশা’ সিনেমার শুটিংয়ে।

দীর্ঘ অভিনয়জীবনে কৌতুক চরিত্রের পাশাপাশি ‘আবুল্লাহ’ সিনেমায় নায়ক হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছিলেন দিলদার। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। কিন্তু ‘লাল বাদশা’ সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী নাসরিনের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে, দিলদার স্পষ্ট জানিয়ে দেন—নাসরিন থাকলে তিনি সেই সিনেমায় অভিনয় করবেন না।

অভিনেতার এই সিদ্ধান্তে বড় বিপাকে পড়েন পরিচালক মালেক আফসারী। সিনেমার একটি গানে দিলদার ও নাসরিনের একসঙ্গে পারফর্ম করার কথা ছিল। পরিস্থিতি সামাল দিতে পরিচালক গানটি বাদ দেওয়ার চিন্তা করেন। কিন্তু এখানেই ঘটে নতুন মোড়। দিলদার জানিয়ে দেন—গান বাদ দিলে তিনি আর শিডিউল দেবেন না। অর্থাৎ সিনেমায় গান থাকতেই হবে।

তখন পরিচালক মালেক আফসারী পাল্টা শর্ত দেন—গান থাকবে, তবে সেটি দিলদারকেই গাইতে হবে। পর্দার ‘আবুল্লাহ’ সেই চ্যালেঞ্জ লুফে নেন। ফলাফল? দিলদারের কণ্ঠে গাওয়া ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটি মুক্তির পর সে সময় সারাদেশে তুমুল জনপ্রিয়তা পায় এবং সিনেমাটির অন্যতম আকর্ষণে পরিণত হয়।

১৯৭৫ সালে ‘কেন এমন হয়’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করা দিলদার টানা ৩৮ বছরের ক্যারিয়ারে প্রায় ৫০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বেদের মেয়ে জোসনা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’, ‘খায়রুন সুন্দরী’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘কন্যাদান’সহ আরও অনেক জনপ্রিয় চলচ্চিত্র।

আরও পড়ুন

×