ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা
আগন্তুক সিনেমার দৃশ্য।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ১২:৪৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ | ১২:৪৯
বিশ্বের নানা দেশের শিল্পমানসম্পন্ন ও সমসাময়িক চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। আজ উৎসবের পঞ্চম দিনে বিভিন্ন ভেন্যুতে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ২২টি সিনেমা প্রদর্শিত হবে, যা এসেছে ১৩টি দেশ থেকে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রধান মিলনায়তন (শাহবাগ)
আজ এ মিলনায়তনে ইউরোপ ও এশিয়ার সিনেমার সঙ্গে থাকবে বাংলাদেশের ছবি। এ ভেন্যুতে রয়েছে ৫টি দেশের ৫টি সিনেমা। সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডস-বেলজিয়াম-জার্মানির যৌথ প্রযোজনার ‘ফাবুলা’ দিয়ে দিনের প্রদর্শনী শুরু। দুপুর ১টায় আর্মেনিয়ার ‘হ্যালো’ এবং ইরানের স্বল্পদৈর্ঘ্য ‘হল অব ডার্টি ক্লথস’ দেখানো হবে। বিকেল ৩টায় চীনের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘দ্য শোর অব লাইফ’। বেলা ৫টায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘পরিণাম’ এবং সন্ধ্যা ৭টায় পূর্ণদৈর্ঘ্য ‘আগন্তুক’ প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন
এ মিলনায়তনে আজ দর্শক পাবেন আধ্যাত্মিক ও মানবিক বোধের চলচ্চিত্র। এখানে আজ ৬টি দেশের ৬টি সিনেমা প্রদর্শিত হবে। সকাল সাড়ে ১০টায় পর্তুগালের ‘অ্যাস অ্যাভেস’। দুপুর ১টায় রাশিয়ার স্বল্পদৈর্ঘ্য ‘তারুণ্য প্রেমের ছায়া’ এবং বিকেল ৩টায় রাশিয়ার পূর্ণদৈর্ঘ্য ‘শুরু থেকে’। বিকেল ৫টায় ইতালি-সুইডেন-যুক্তরাজ্যের যৌথ ছবি ‘হুইলবেরো’। সন্ধ্যা ৭টায় ফিলিপাইনের প্রতিযোগিতামূলক ছবি ‘রিপাবলিক অব পিপোলিপিনাস’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা মিলনায়তন
জাতীয় চিত্রশালায় আজ বিশ্ব ও প্রতিযোগিতামূলক ছবির সমাহার। এ মিলনায়তনে আজ ৪টি দেশের ৪টি সিনেমা দেখানো হবে। সকাল সাড়ে ১০টায় চীনের ‘কু কান দা হাই’। দুপুর ১টায় কিরগিজস্তানের ‘ওটি (দগ্ধ)’। বেলা ৩টায় রাশিয়ার স্বল্পদৈর্ঘ্য ‘টু মাদার্স’। বিকেল ৫টায় আবখাজিয়া রাশিয়ার যৌথ ছবি ‘তিন বিয়ে ও এক পলায়ন’।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
এখানে আজ এশিয়ান ফিল্ম কম্পিটিশনের গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হবে। এ ভেন্যুতে আজ ৩টি দেশের ৩টি সিনেমা। সকাল সাড়ে ১০টায় ফিলিপাইনের ‘রিপাবলিক অব পিপোলিপিনাস’। দুপুর ২টা ৩০ মিনিটে ইরানের ‘দ্য হাসব্যান্ড’ এবং বিকেল ৪টা ৩০ মিনিটে পাকিস্তানের ‘সিন্ধু জি গুঞ্জন’।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ মিলনায়তন
এই মিলনায়তনে আজ চীন, তুরস্ক ও বাংলাদেশের সিনেমা দেখা যাবে। এখানে আজ ৪টি দেশের ৫টি সিনেমা প্রদর্শিত হবে। সকাল ১১টায় চীনের ‘মাই ফাদার’স সন’। দুপুর ১টায় তুরস্কের ‘অ্যাবাউট মাই মম’। বিকেল ৩টায় নারী নির্মাতাদের বিভাগে বাংলাদেশের ‘মৃৎশিল্প: বিস্মৃত শিল্প’ ও ‘তিমির গান’। বিকেল ৫টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের ‘চা চাই’।
- বিষয় :
- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
