ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এবার কার প্রেমে পড়লেন দিশা পাটানি?

এবার কার প্রেমে পড়লেন দিশা পাটানি?
×

দিশা পাটানি। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৪:২৮

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন কখনোই শুধু ব্যক্তিগত থাকে না। একটু হাসি, একটু কাছাকাছি দাঁড়ানো, কিংবা এক মুহূর্তের ক্যামেরাবন্দি দৃশ্য– সব মিলিয়েই জন্ম নেয় হাজারো জল্পনা। ঠিক তেমনই এক মুহূর্ত ঘিরে এখন নতুন করে আলোচনায় অভিনেত্রী দিশা পাটানি।

বলিপাড়ার অন্দরমহলে শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। আর সেই সম্পর্কের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। যদিও এই সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই সবকিছুর সূত্রপাত হয়েছে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে। সেই বিয়ের আসর ছিল বলিউডের পরিচিত মুখে ভরা। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিশা পাটানি। কিন্তু নজর কাড়ে অন্য এক দৃশ্য। গায়ক তলবিন্দর সিং সিধুর সঙ্গে দিশার ঘনিষ্ঠ উপস্থিতি।

অনুষ্ঠানের একাধিক মুহূর্তে দুজনকে একান্তে সময় কাটাতে দেখা যায়। কখনও পাশাপাশি বসে কথা বলা, কখনও আবার হাসিমুখে আড্ডা। সব মিলিয়ে সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হতে বেশি সময় নেয়নি। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিও ঘিরেই শুরু হয় আলোচনা। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়েও বেশি কিছু? সামাজিক মাধ্যমের কানাঘুষায় দ্রুতই জায়গা করে নেয় নতুন প্রেমের গুঞ্জন। কেউ বলছেন, দুজনের রসায়ন চোখে পড়ার মতো; আবার কেউ বলছেন, সম্পর্কটা নাকি বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে গড়ে উঠছে। তবে এসব আলোচনা এখনও গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। যেহেতু এখনও দিশা পাটানি কিংবা তলবিন্দর সিং সিধু কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

দিশার প্রেমজীবন অবশ্য নতুন করে আলোচনায় আসাই স্বাভাবিক। একসময় অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলিপাড়ার বহুল আলোচিত বিষয়। একসঙ্গে সিনেমা, প্রকাশ্যে বন্ধুত্ব, পারিবারিক ঘনিষ্ঠতা। সব মিলিয়ে সেই সম্পর্ককে অনেকেই সিরিয়াস বলেই মনে করতেন। কিন্তু ২০২২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই সংযত ছিলেন দিশা। কাজ, ফিটনেস আর নিজের জগতে ডুবে থাকতে দেখা গেছে তাঁকে।

সেই নীরবতার মধ্যেই হঠাৎ করে নতুন গুঞ্জন। তাই প্রশ্ন উঠছেই–দিশা কি সত্যিই আবার নতুন করে প্রেমে পড়েছেন? নাকি এটি বলিপাড়ার চিরচেনা অতিরঞ্জন?
এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা না গেলেও একটা বিষয় স্পষ্ট। দিশার ব্যক্তিগত জীবনের প্রতিটি অধ্যায় যেমন দর্শকের কৌতূহল বাড়ায়, তেমনি নতুন এই গল্পও বলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সত্যটা কী, তা হয়তো সময়ের সঙ্গেই প্রকাশ্যে আসবে।

তাদের প্রেমের গুঞ্জন প্রকাশ হতেই ভারতীয় গণমাধ্যমে বিচার-বিশ্লেষণ চলছে দুজনের সম্পত্তি নিয়েও। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত তলবিন্দরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। তবে দিশার সম্পত্তির পরিমাণের দিকে চোখ রাখলে রীতিমতো চক্ষুচড়কগাছ হবে। তলবিন্দরকে সম্পত্তির নিরিখে দিশা রীতিমতো পেছনে ফেলবেন। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা।
 

আরও পড়ুন

×