এক ঘণ্টার ওয়েব সিনেমা, জুটি হচ্ছেন ইয়াশ-পারশা
ইয়াশ রোহান ও পারসা ইভানা। ছবি:প্রযোজনা সংস্থার সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৪:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৪:৩২
নগরজীবনের দ্রুতগতির ছকে ভালোবাসা এখন আর আগের মতো সরল নয়। কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন, সময়ের অভাব আর ‘নিজের স্পেস’-এর প্রয়োজন। সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ হয়ে উঠছে আরও জটিল, আরও সংবেদনশীল। ঠিক এই বাস্তবতাকেই গল্পের কেন্দ্রে রেখে ঈদুল ফিতরে দর্শকদের সামনে আসছে হইচই অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো এক ঘণ্টার সিনেমার নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। দীর্ঘ সময়ের সিরিজ আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝামাঝি অবস্থানে থাকা এই ফরম্যাটে কীভাবে একটি পূর্ণাঙ্গ আবেগী অভিজ্ঞতা দেওয়া যায়। সেই পরীক্ষাতেই নামছে নির্মাতা ও প্ল্যাটফর্ম দু’পক্ষই।
রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবার একসাথে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। হইচই-এর পর্দায় এই জুটির এটিই প্রথম উপস্থিতি। দু’জনেরই আলাদা আলাদা দর্শকপ্রিয়তা রয়েছে, আর সেই দুই জনপ্রিয় মুখের রসায়ন কেমন দাঁড়ায়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

‘একসাথে আলাদা’ শুধু প্রেমের গল্প নয়; এটি মূলত শহুরে সম্পর্কের টানাপোড়েনের একটি প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, আবার কেন সেই দূরত্বের মাঝেই জন্ম নেয় নতুন উপলব্ধি—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী, যাঁদের উপস্থিতি গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাকে আরও গভীর করেছে।
সিনেমাটি নির্মাণ করছেন রেজাউর রহমান। সমসাময়িক ও বাস্তবঘনিষ্ঠ গল্প বলার জন্য যিনি ইতিমধ্যেই পরিচিত। হইচই প্ল্যাটফর্মে এটি তাঁর প্রথম কাজ। সীমিত সময়ের ভেতরে চরিত্র গড়ে তোলা, সম্পর্কের স্তর তৈরি করা এবং দর্শককে আবেগীভাবে যুক্ত রাখার চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে ‘একসাথে আলাদা’ তাঁর জন্য এক ধরনের সৃজনশীল পরীক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাতা রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই তাঁদের চরিত্রে খুব আন্তরিকভাবে কাজ করেছেন। আমার বিশ্বাস, দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক অংশ খুঁজে পাবেন।’
_1769070720.jpg)
ইয়াশ রোহান বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই মনে হয়েছিল, এটা খুব পরিচিত এক গল্প। আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু ঠিকভাবে তা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখছি, তাতে সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা আরও বেড়েছে।’
পারসা ইভানা বলেন,‘এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি। দ্বিধা, ভয়, না বলা কথা। ইয়াশ আর আমি চেষ্টা করেছি, চরিত্রগুলোর সেই নীরব আবেগগুলো সত্যি করে পর্দায় তুলে ধরতে।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান মনে করেন, এই সিনেমাটি প্ল্যাটফর্মের কনটেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি বলেন, ‘দর্শকদের জন্য সব সময় নতুন ও বৈচিত্র্যময় গল্প উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম বিশেষ কাজ হতে যাচ্ছে। সহজ-সরল হলেও আবেগে গভীর এই গল্পটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই বিশ্বাস।’ ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘একসাথে আলাদা’ শুধু নতুন ফরম্যাটের সিনেমা নয়, বরং আধুনিক সম্পর্কের বাস্তবতা নিয়ে একটি সময়োপযোগী বক্তব্য। শহুরে দর্শক এই গল্পে নিজেদের কতটা খুঁজে পান, সেটিই এখন দেখার বিষয়।
- বিষয় :
- ইয়াশ রোহান
- পারসা ইভানা
