বয়সে ২০ বছরের ব্যবধান, সারা বললেন...
রণবীর সিং ও সারা অর্জুন। ছবি: আউটলুক ইন্ডিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৭:৪৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৮:৪২
বলিউডের ব্যবসাসফল ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। এতে রণবীরের প্রেমিকা ও স্ত্রী ইয়ালিনা জামালি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন তিনি। তবে সিনেমা মুক্তির আগে তাদের প্রায় ২০ বছরের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সারা।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা অর্জুন বলেন, গল্পের প্রেক্ষাপট অনুযায়ী এই বয়সের ব্যবধান পুরোপুরি যৌক্তিক।
তিনি জানান, সামাজিক মাধ্যমে তিনি খুব একটা সক্রিয় নন, তাই তাকে নিয়ে যে কোনো বিতর্ক বা হইচই তার কাছে তেমন পৌঁছায়নি। সিনেমার মুক্তির আগে ও পরে সব স্বাভাবিক মনে হয়েছে তার।

সারা বলেন, “এখন সব আলোচনা মূলত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়। আমি সেখানে খুব একটা সক্রিয় নই। প্রত্যেকেরই নিজের মতামত থাকে। আমি ‘লাইভ অ্যান্ড লেট লিভ’-এ বিশ্বাস করি। মানুষ যেকোনো বিষয় নিয়ে বিতর্কে যেতেই পারে। এতে আমার ভাবনায় কোনো প্রভাব পড়ে না। আমি গল্পটা জানতাম এবং জানতাম যে এই কাস্টিং যৌক্তিক।”
সহ-অভিনেতা রণবীর সিংয়ের প্রশংসা করেতেও কার্পণ্য করেননি সারা। রণবীরকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা বলে উল্লেখ করে তিনি বলেন, রণবীর একজন বন্ধুসুলভ, উৎসাহদাতা ও ভীষণ পরিশ্রমী মানুষ।
সারার কথায়, ‘পরিশ্রমের ক্ষেত্রে রণবীর এমন একটা মানদণ্ড তৈরি করেছেন, যেটা ছাপিয়ে যাওয়া কঠিন। তিনি শুধু নিজের অভিনয়েই মনোযোগী নন, পুরো সেটের দিকেও নজর রাখেন। সিনেমা তৈরিকে তিনি দলগত কাজ হিসেবে দেখেন। সহ-অভিনেতা থেকে শুরু করে সেট ডিজাইনার-সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। এটাই তাকে আলাদা করে তোলে।”
প্রসঙ্গত,১৮ জুন ২০০৫ সালে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়সে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পাঁচ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন। এ সময়ে তিনি শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন।
ছয় বছর বয়সে তামিল ছবি ‘দেবিয়া থিরুমাগাল’-এ চিয়ান বিক্রমের বিপরীতে অভিনয়ের বড় সুযোগ পান সারা। এরপর তিনি তামিল, তেলেগু ও হিন্দি- তিন ভাষাতেই কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘শিবাম’, ‘পন্নিইন সেলভান’-এর দুই কিস্তি, ‘এক থি ডয়েন’ ইত্যাদি। সূত্র: আউটলুক ইন্ডিয়া
- বিষয় :
- রণবীর সিং
- সারা অর্জুন
- বলিউড
