তারেক মাসুদ- স্মরণে স্মৃতিতর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন
তারেক মাসুদ [১৯৫৬-২০১১]
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০০:২৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০০:২৭
২০১১ সালের আজকের দিনে মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী। তাই প্রতিবছর এই দিনটি স্মরণ করে থাকেন চলচ্চিত্রকর্মীরা।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের দশম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল বুধবার রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনা অনুষ্ঠিত হয় https://www.facebook.com/Moviyana/এর ফেসবুক পেজে। এতে অংশ নেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিক আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন সড়কদ্বীপে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সব মানুষকে স্মরণ করা হবে।
- বিষয় :
- তারেক মাসুদ
- মিশুক মুনীর