প্রসেনজিৎ পাচ্ছেন ‘পদ্মশ্রী’ পুরস্কার
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ২১:০৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১৩:০৬
টালিউড চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি শুধু নিজেকে নয়, গোটা বাংলা বাণিজ্যিক সিনেমাকেই নতুন করে দাঁড় করিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মান ও পুরস্কার। এবার তার ঝুলিতে যুক্ত হলো দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান, পদ্মশ্রী।
আর্ট ও কালচারে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান পাচ্ছেন আরও ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগের দিনই প্রকাশ করা হলো ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সাহিত্য, শিল্প, খেলাধুলা, চিকিৎসা, কৃষিসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য গোটা দেশ থেকে মোট ১৩১ জনকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।
আগামী মার্চ অথবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম সম্মান গ্রহণ করবেন নির্বাচিতরা।

উল্লেখ্য, ১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে ছিল তার প্রথম কাজ। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ ছবির মাধ্যমে। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘অমর সঙ্গী’ তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি। প্রসেনজিতের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা।
বাংলা সিনেমার এক সংকটময় সময়ে প্রায় একার কাঁধেই ইন্ডাস্ট্রির ভার তুলে নিয়েছিলেন প্রসেনজিৎ। তার হাত ধরেই গ্রামবাংলার ঘরে ঘরে পৌঁছে যায় বাণিজ্যিক বাংলা সিনেমা।
বর্তমানেও তিনি সমান তালে কাজ করছেন বাংলা ও অন্যান্য ভাষার সিনেমায়। প্রায় সাড়ে তিনশোর বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতার দীর্ঘ কর্মজীবনের অন্যতম বড় স্বীকৃতি মিলল ২০২৬ সালে এসে। সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।
- বিষয় :
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- পদ্মশ্রী
- সিনেমা
- ভারত
