ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদ প্রস্তুতি

তিন শতাধিক নাটক নিয়ে ব্যস্ত নির্মাতারা

তিন শতাধিক নাটক নিয়ে ব্যস্ত নির্মাতারা
×

বর্ণনাথের পরিচালনায় ‘সোনার চেইন’ নাটকের শুটিং সেটে মোশাররফ করিম ও হিমিসহ কলাকুশলীরা। ছবি: নির্মাতার সৌজন্যে

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৩:৫৭

ঈদের ছুটি মানেই ছোট পর্দায় বর্ণিল আয়োজন। দর্শকের অপেক্ষা, নির্মাতাদের ব্যস্ততা– সব মিলিয়ে ঈদকে ঘিরে টেলিভিশন নাটকের জগতে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম নয়। আর মাত্র দুই মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে ছোট পর্দার নির্মাতাদের ঈদ প্রস্তুতি শেষ পর্যায়ে। রোজার প্রায় ছয় মাস আগেই ঈদ নাটক ও টেলিছবির পরিকল্পনা ও কাজ শুরু হয়ে গেছে। অনেক নির্মাতা ইতোমধ্যে বিভিন্ন চ্যানেলে ঈদের কাজ জমা দিচ্ছেন। 

বছর পাঁচেক আগেও ঈদ নাটকের শুটিংয়ের প্রধান কেন্দ্র ছিল রাজধানীর উত্তরা। তবে সময়ের সঙ্গে সেই চিরচেনা দৃশ্যপট বদলাতে শুরু করেছে। এখন গাজীপুরের পুবাইলসহ উত্তরার বাইরের বিভিন্ন লোকেশনে চোখে পড়ছে নাটকের শুটিংয়ে ব্যস্ত নির্মাতাদের।

অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত আজ থেকেই ঈদের নাটকের শুটিং শুরু করছেন। এ বছর তিনি একটিমাত্র নাটক নির্মাণ করছেন বলে জানিয়েছেন। নাটকের নাম ‘সখিনা’। এটি রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন আবুল হায়াত নিজেই।

তিনি বলেন, ‘নাটকের চিত্রনাট্যের কাজ কয়েক সপ্তাহ আগেই শেষ করেছি। আজ গাজীপুরের নক্ষত্রবাড়িতে শুটিং শুরু করছি। টানা শুটিং করেই কাজ শেষ করার ইচ্ছা আছে। ঈদের টেলিভিশন আয়োজনে নাটকটি প্রচার হবে।’ নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল ঈদে একাধিক নাটক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘গল্পে নতুনত্ব আছে– এমন কাজ নিয়েই এবার ঈদের নাটক নির্মাণ করতে চাই। এখনও শুটিং শুরু করিনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। নির্বাচন শেষে কাজ শুরু করব।’ঈদ মানেই হাসির নাটকের আধিক্য। তবে এর পাশাপাশি রোমান্টিক ও পারিবারিক আবহের গল্প নিয়েও কাজ করছেন নির্মাতারা।

অভিনেতা ও নির্মাতা শামীম জামান জানান, এবারের ঈদ আয়োজনে দর্শক পাবে ভিন্ন ভিন্ন আমেজের নাটক। হাস্যরসাত্মক গল্পের পাশাপাশি বক্তব্যধর্মী গল্পও তিনি বেছে নিয়েছেন। থাকবে কিছু চমকও।

খণ্ড নাটকের পাশাপাশি ঈদ ধারাবাহিকের প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে। সেই ধারাবাহিকতায় অনেক নির্মাতা হাজির হচ্ছেন জনপ্রিয় নাটকের সিকুয়েল নিয়ে। নির্মাতা রাকেশ বসু নির্মাণ করেছেন ‘জাদুকর মোতালেব ২’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এ ছাড়া তিনি নির্মাণ করেছেন ‘জামাই কার?’ ও ‘সিন্ডিকেট বাদল’ নামে আরও দুটি নাটক। নাটক তিনটি যথাক্রমে– আরটিভি, দীপ্ত টিভি ও এনটিভিতে প্রচার হবে।

সালাহউদ্দিন লাভলুর নাটক মানেই দর্শকের জন্য ভিন্ন স্বাদ। তিনি এবার ঈদের জন্য ‘সত্য সংকট’ নামে একটি নাটক পরিচালনা করেছেন। নাটকের কাহিনি লিখেছেন আসাদ সরকার। পরিচালনার পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন লাভলু। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। নাটকের গল্প আবর্তিত হয়েছে মজনু নামে এক সত্যবাদী যুবককে কেন্দ্র করে। নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে। নির্মাতা কাজল আরেফিন অমির নাটক কিংবা টেলিছবি মানেই দর্শকের আলাদা আগ্রহ। তিনি শিগগিরই ঈদের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে সাগর জাহান এনটিভির জন্য নির্মাণ করেছেন ‘ছিটকিনি’ নামে একটি নাটক।

সম্প্রতি রাজধানীর উত্তরায় এর শুটিং শেষ হয়েছে। ঔপন্যাসিক দেবল দেবশর্মার গল্প ‘খিল’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আশরাফুল চঞ্চল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাদিয়া আয়মান, তানজিকা আমিনসহ আরও অনেকে। এ ছাড়া মোশাররফ করিমকে নিয়ে আরও দুটি কাজ করবেন বলে জানিয়েছেন সাগর জাহান।

অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান বর্তমানে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘জল জোছনা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই ফাঁকে তিনি ঈদের জন্য বিটিভিতে একটি খণ্ড নাটকের স্ক্রিপ্ট জমা দিয়েছেন। নাটকের নাম ‘শেষ ইচ্ছে’। অনুমোদন পেলে রোজার আগেই শুটিং শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্মাতা বর্ণনাথ নির্মাণ করেছেন ‘সোনার চেইন’ নামে একটি নাটক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া সকাল আহমেদ, মাবরুর রশিদ বান্না, চয়নিকা চৌধুরী, ভিকি জাহেদ, প্রবীর রায় চৌধুরী, ওসমান মিরাজ, শরাফ আহমেদ জীবন, রাফাত মজুমদার রিংকু, জুবায়ের ইবনে বকর, এস আর মজুমদার, শহীদ উন নবী, আবু হায়াত মাহমুদ, মইদুল রাকিবসহ তিন শতাধিক নির্মাতা ঈদ আয়োজনে তাদের নতুন কাজ নিয়ে হাজির হবেন বলে জানা গেছে। ওটিটি প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত থাকায় এবার ছোট পর্দায় ঈদের কোনো কাজ থাকছে অনেক নির্মাতার।

আরও পড়ুন

×