ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক, জানালেন শারীরিক জটিলতার কথা
হৃতিক রোশন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৪:২৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৪:৩৪
বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। সম্প্রতি পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক। সেখানেই তাকে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে দেখা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অবশেষে নিজের শারীরিক অবস্থার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।
শনিবার রাতে মুম্বাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্রাচে ভর দিয়ে প্রবেশ ও বের হতে দেখা যায় হৃতিককে। চিত্রসাংবাদিক যোগেন শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল পোশাকে বেশ লো-প্রোফাইলে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন হৃতিক। সাবধানে এক পা এক পা করে এগোচ্ছিলেন তিনি। এই দৃশ্য দেখে ভক্তদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করতে থাকেন।
ভক্তদের উদ্বেগের মধ্যেই ইনস্টাগ্রামে রসিকতায় ভরা এক দীর্ঘ পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান হৃতিক রোশন। তিনি লেখেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুদিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে।’
_1769502365.jpg)
পোস্টে নিজের শারীরিক জটিলতা নিয়ে মজার ছলে আরও লেখেন, ‘বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি-যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’
এই শারীরিক পরিস্থিতিতে তার সহকারী দল যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন হৃতিক। পোস্টে তিনি জানান, তাদের সহযোগিতাতেই তিনি এই সময়টা সামলাতে পারছেন।
কাজের দিক থেকে হৃতিক রোশনকে সবশেষ দেখা গেছে যশরাজ ফিল্মসের অ্যাকশনধর্মী ছবি ‘ওয়ার ২’-এ, যা গত বছর মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোশানস’-এও উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী বড় প্রকল্প ‘কৃষ ৪’। এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন এই বলিউড তারকা। সূত্র: সিনেমা এক্সপ্রেস
- বিষয় :
- হৃতিক রোশন
- বলিউড
- সিনেমা
