ম্যাজিক বাউলিয়ানা গ্র্যান্ড ফিনালে আজ
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১৭:৩২
লোকসংগীতের দীর্ঘ পথচলা শেষে আজ এসে দাঁড়িয়েছে এক আবেগঘন মুহূর্ত। বাউলসুরের সাধনা, কণ্ঠের নির্যাস আর মাটির গন্ধমাখা অনুভব। সব মিলিয়ে ‘ম্যাজিক বাউলিয়ানা’ আজ পৌঁছেছে তার চূড়ান্ত পর্বে। নানা ধাপের প্রতিযোগিতা, অসংখ্য স্বপ্ন আর হাজারো কণ্ঠের ভিড় পেরিয়ে আজ সন্ধ্যায় জানা যাবে– কে হবেন এই আসরের বিজয়ী।
আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের সম্প্রচারিত হবে এই চূড়ান্ত পর্ব। সাজানো মঞ্চ, আলো-ছায়ার নান্দনিক খেলায় সেখানে মুখোমুখি হবেন সেরা পাঁচ প্রতিযোগী। গ্র্যান্ড ফিনালে পর্বে চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন এনামুল হক ধামু, আঁখি আক্তার সুরভা, মেহরাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন। এই পাঁচজন প্রতিযোগী নিজ নিজ জায়গা থেকে বাউলসংগীতের একেকটি স্বতন্ত্র ধারা, একেকটি জীবনের গল্প বহন করে এনেছেন মঞ্চে। তাদের কণ্ঠে যেমন আছে সাধনার তাপ, তেমনই আছে লোকজ জীবনের আনন্দ-বেদনার ছাপ। ফাইনালের মঞ্চে শুধু গান নয়, থাকছে নানা বিশেষ পরিবেশনা ও চমক, যা এই পর্বকে করে তুলবে আরও স্মরণীয়।
এই আয়োজনের বিচারকের আসনে রয়েছেন তিনজন প্রথিতযশা শিল্পী। তারা হলেন– শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। গ্র্যান্ড ফিনালের রাতে তারাও বিশেষ গান পরিবেশন করবেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান, আর প্রযোজনায় মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল। বর্তমান প্রজন্মের কাছে লোকসংগীতকে নতুনভাবে তুলে ধরা এবং একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলার বাউলসুরকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই রিয়েলিটি শোর আয়োজন। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’– এই ভাবনাকে কেন্দ্র করে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’।
এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। আজ সেই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন পাঁচ শিল্পী। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা, প্রথম রানারআপ ৩ লাখ, দ্বিতীয় রানারআপ ২ লাখ, আর চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীরা পাবেন ৫০ হাজার টাকা করে। তবে অর্থমূল্যের বাইরে সবচেয়ে বড় প্রাপ্তি– বাউলসংগীতের ধারায় নিজের কণ্ঠকে প্রতিষ্ঠার সুযোগ।
- বিষয় :
- ম্যাজিক বাউলিয়ানা
