জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করে পরিচালকের প্রশ্ন
নিয়ামুল মুক্তা ও ‘রক্তজবা’ সিনেমার পোস্টার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৫:০৩
চূড়ান্ত বিচার-বিশ্লেষণ শেষে বৃহস্পতিবার সন্ধায় ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ তালিকায় নিজের নাম দেখে অবাক পরিচালক নিয়ামুল মুক্তা। তার পরিচালিত সিনেমা ‘রক্তজবা’র জন্য তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত করায় বিব্রত তিনি। এমনকি তিনি এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।
পুরস্কারের তালিকা প্রকাশের পর নিয়ামুল মুক্তার নাম দেখে বন্ধু ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে নিজের নাম দেখে বিস্মিত ও বিব্রত হন তিনি নিজেই।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ামুল মুক্তা লিখেছেন, ‘আমাকে দেওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে আমি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজের হাতে এই পুরস্কার দেখতে চাই।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘রক্তজবা সিনেমার চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান। এই পুরস্কার তার প্রাপ্য। এটা কোনোভাবেই আমার অর্জন নয়। তাই আমি এই পুরস্কার গ্রহণ করব না।’
বিষয়টি নিয়ে শুক্রবার রাতে মুক্তা বলেন, ‘পুরস্কারের তালিকায় নিজের নাম দেখে আমি বিব্রত। আমি নিয়ম মেনেই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দিয়েছিলাম। কিন্তু সেখানে এমন ভুল কীভাবে হলো, সেটাই আমার প্রশ্ন।’
প্রশ্ন তুলে নির্মাতা বলেন, “আমার পরিচালিত ‘রক্তজবা’ চলচ্চিত্রটি সিনেমা হলে দেখতে পারি নাই। দর্শককে দেখাতেও পারি নাই। আমি আসলে জানিই না ‘রক্তজবা’ সিনেমা হলে মুক্তি পেয়েছে কি না। সিনেমা হলে মুক্তি না পেলেও কী সেই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে? আমার আসলে জানা নাই।”
- বিষয় :
- সিনেমা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
