ম্যাজিক বাউলিয়ানা
বিজয়ী নূরীর হাতে ৫ লাখ টাকা, বাকিরা কে কত পেলেন
মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী ও এনামুল হক মধু। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ২১:০৭
২০২৫ সালে আগস্টে শুরু হওয়া ম্যাজিক বাউলিয়ানা আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা ৫ জন গ্র্যান্ড ফিনালে লড়ার সুযোগ পান। চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী।
শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এসময় চ্যাম্পিয়নসহ অন্য বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এছাড়াও সেরা পাঁচের বাকি দুইজন হলেন যথাক্রমে চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা।
চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। এছাড়াও প্রথম রানার-আপ ৩ লক্ষ এবং দ্বিতীয় রানার-আপ পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লক্ষ টাকার চেক। বাকি দু’জন ফাইনালিস্টের প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি, পার্থ বড়ুয়া ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও ও মাছরাঙা টেলিভিশন-এর নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।
আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চকে উজ্জীবিত করে। এরপর একে একে মঞ্চ মাতান সেরা ৫ প্রতিযোগী—আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং সোহাগ নূরী।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ জানান, ‘যেকোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে থাকে লোকগান। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলার লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতোটাই ব্যাপক যে শতবছর আগেকার লেখা গান এখনো প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রচেষ্টায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’
‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ এবং আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন।
- বিষয় :
- ম্যাজিক বাউলিয়ানা
- সংগীতশিল্পী
- সংগীত
